প্রভাত রিপোর্ট: রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার চর্চা ছাড়া সুস্থ গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই একটি মানবিক, স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে হবে। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদা খানম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশে গভীর রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়।
ইতিহাস মূল্যায়নের ক্ষেত্রে তথ্যনিষ্ঠ ও উদার দৃষ্টিভঙ্গি রাখার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, অতীতের ঘটনাগুলোর প্রেক্ষাপট ও প্রভাব অনুধাবন করে সেখান থেকে শিক্ষা নিতে হবে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। লাখো শহীদের আত্মত্যাগে পাওয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনপ্রশাসনের ভূমিকা তুলে ধরে ফরিদা খানম বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক অধিকার সুরক্ষা এবং সরকারি সেবার মান বাড়ানো প্রশাসনের অন্যতম দায়িত্ব। সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। প্রশাসনের প্রতিটি কার্যক্রমে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
তরুণ প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় অর্জনের সঠিক চিত্র তুলে ধরতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতা, অসাম্প্রদায়িক চেতনা ও দায়িত্বশীল নাগরিকত্বের মূল্যবোধ গড়ে তোলা জরুরি। কারণ ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ পরিচালনায় তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসকরা, লালবাগ জোনের উপকমিশনার মো. মোশতাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুল আলম এবং জেলা কমান্ড্যান্ট মো. মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজন সভায় অংশ নেন। অনুষ্ঠান শেষে জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।