• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮
নয়াপল্টন থেকে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে তারেক রহমান

‘সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালির নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বিকাল ৩টার পর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপি ও অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে র‌্যালিটি জনসমুদ্রে রূপ নেয়। এ সময় স্লোগানে মুখর নেতাকর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়।
দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো চক্রান্তই এ দেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দিয়ে পল্টন থেকে পায়ে হেঁটে সংসদ ভবন এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়।
র‌্যালিটি নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও কারওয়ান বাজার প্রদক্ষিণ করে বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ ভবন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়েই নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দীর্ঘ এই র‌্যালির পুরো পথেই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।
র‌্যালি শেষে সংসদ ভবন এলাকায় একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি স্মরণ করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণের জন্য এখনো বিভিন্ন মহলে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে এ দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ অতীতে যেভাবে সব চক্রান্ত রুখে দিয়েছে, তেমনি বর্তমান ও ভবিষ্যতের যেকোনো অপচেষ্টাও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এর আগে বিকাল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‌্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম ডা. জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।
এছাড়াও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। র‌্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি দীর্ঘ ২০ বছর পর নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে। ফ্যাসিবাদী শাসনামলে এ দিবসটি নিয়ে অপপ্রচার ও ইতিহাস বিকৃতি করা হয়েছে। নতুন প্রজন্ম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঘটনা, এর প্রভাব ও ঐতিহাসিক গুরুত্ব বিষয়ে অন্ধকারে ছিল। বিএনপি ক্ষমতায় আসার পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছে।
খণ্ড-খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে সকাল থেকেই নয়াপল্টনে আসে নেতা-কর্মীরা। এসময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে-স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রার শুরুতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এবং শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্যগণ বক্তব্য দেন।
সমাবেশ শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই এ সুসজ্জিত শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। এরপর রাজধানীর নির্ধারিত সড়কগুলো পেরিয়ে সেটি গিয়ে থামে মানিক মিঞা অ্যাভিনিউতে। পুরো শোভাযাত্রা যেন সুশৃঙ্খল ও শান্ত পরিবেশেই সম্পন্ন হয়, সেজন্য দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো প্রস্তুতি। রাস্তায় চলাচলের নিয়ম ও নিয়মশৃঙ্খলা ধরে রাখতে সচেষ্ট ছিলেন বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আশপাশের পুরো এলাকাজুড়ে কড়া নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় নেতারা।
১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। অপরদিকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এ দিনে জেনারেল জিয়াউর রহমান দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর সেনাবাহিনীর ভেতর ও বাইরে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যেও জিয়াউর রহমান দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যান।
ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্টে তৎকালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করেন। নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়ে ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেফতার করে মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ। প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দেশের প্রেসিডেন্টের পদে বসান। ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। সিপাহি-জনতার মিলিত সেই বিপ্লবে বন্দি অবস্থায় থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন অনুসারীসহ প্রাণ হারান খালেদ মোশাররফ। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে। জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category