• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ৩১পদের বিপরীতে কর্মরত ৫ জন

Reporter Name / ১২৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মো. মাহবুবুর রহমান , পাথরঘাটা : বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ৩১টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। এ ছাড়া দুই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদও শূন্য রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রমেও সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষ।
একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যাবিশিষ্ট এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক ও জনবলসংকটের কারণে রোগীদের কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে। হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়েও অসন্তোষ জানিয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় রয়েছে। অনেকে চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন রোগী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। এ ছাড়া দুই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। হাসপাতালটিতে এক্স-রে মেশিন, বয়লার মেশিন, আলট্রাসনোগ্রাফি যন্ত্র, ডেন্টাল চেয়ার ও অটোমেটিক সেল কাউন্টার না থাকায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দিতে সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, চিকিৎসকসংকট ও পরীক্ষার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কারণে তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের দুর্ভোগ বাড়ছে।
শিশুকে কোলে নিয়ে চিকিৎসার জন্য আসা মারিয়া নামের এক নারী বলেন, “সকাল ১০টায় ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে এসেছি। দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করেও এখনো পরীক্ষা করাতে পারিনি।
পাথরঘাটা পানি কমিটির সভাপতি ও সমাজকর্মী মহিউদ্দিন এসমে বলেন, চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ সংগ্রহ করতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীদের এক নাসির নামের এক স্বজন জানান, ৫০ শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ থাকলেও সে অনুযায়ী চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই। ফলে সময়মতো চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ছে। এসব সমস্যা সমাধানের দাবিতে একাধিকবার মানববন্ধন করেও কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ তাঁদের।
রাজনীতিবিদ ও সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন বলেন, হাসপাতালের শূন্য পদগুলোতে দ্রুত চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগ দিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা জরুরি। অন্যথায় উপজেলার বিপুলসংখ্যক মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, হাসপাতালে জনবলসংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বর্তমানে হাসপাতালে কোনো ওষুধের সংকট নেই। সরকারি বিধি অনুযায়ী এখানে সব ধরনের পরীক্ষার ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category