প্রভাত সংবাদদাতা, রাজশাহী : রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ৭ নভেম্বর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ এলাকায় বিভিন্ন অপরাধে মোট ৫৫টি মামলা হয়েছে এবং বিভিন্ন অভিযোগে ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড দমনে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময়ে রাজশাহী রেঞ্জ এলাকায় খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা বা ঘটনা ঘটেনি। তবে চুরি সংক্রান্ত চারটি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত দুটি মামলা রেকর্ড করা হয়েছে। অন্যান্য অপরাধে মামলা হয়েছে ৪৯টি। পাশাপাশি এ সময়ে পাঁচটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃত ১৪২ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৬০ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলার আসামি ৬৬ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় একজন রয়েছেন। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫১ পিস ইয়াবা, ১০০ পিস ট্যাপেন্টাডল, ৮৯ দশমিক ৫ লিটার চোলাই মদ ও ১০০ গ্রাম গাঁজা। এ ছাড়া একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তবে এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার করা হয়নি।
রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিটে সাধারণ মানুষ নিয়মিত পুলিশি সেবা গ্রহণ করছেন। গত ২৪ ঘণ্টায় মোট ৮৬৭ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট ৫ হাজার ৭৮০ জন পুলিশি সেবা নিয়েছেন।