প্রভাত রিপোর্ট: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ বরাদ্দ আরও বাড়ানো হবে। তবে শিক্ষাখাতে বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অপচয় যাতে না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে বাজেটের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। বরাদ্দ করা অর্থের অপচয় রোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
দেশের টেকসই উন্নয়নে মানবসম্পদ উন্নয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এজন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠানো গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ন্যানোপ্রযুক্তির মতো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও সবাইকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিইউপির শিক্ষার্থীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবন উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ তুলে দেন। বিইউপির উপাচার্য মেজর জেনারেল ড. মো. মাহবুব-উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।