মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ দম্পতিকে রাতের আঁধারে ঘরে ঢুকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোফাজ্জেল খান (৭৮) পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কুমিরমারা এলাকার বাসিন্দা মোফাজ্জেল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পার্শ্ববর্তী বিজয়নগর এলাকার হিরা মীর, হিরন মীর, ফয়সাল মীরসহ ৮-১০ জন সশস্ত্র লোক লোহার রড, জিআই পাইপ, রামদা ও লাঠিসোটা নিয়ে তার ঘরে প্রবেশ করে। তিনি ঘরে ফিরে আসলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় বৃদ্ধ মোফাজ্জেলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী রওশন আরা বেগমকেও মারধর করে হামলাকারীরা।
পরে হামলাকারীরা ঘর থেকে ২ ভরি রুপার চেইন, নগদ ২০ হাজার টাকা, চার আনা ওজনের স্বর্ণের কানের দুল, ব্যবহৃত একটি মোবাইল ফোন, এক বস্তা পাকা সুপারি ও হাঁস-মুরগিসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় বৃদ্ধ দম্পতির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত দুইজনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।