প্রভাত রিপোর্ট: তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আতাউর রহমানের এক প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের সব অঞ্চলে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না।
বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থান বা বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ, ঋণ বা আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগসহ সরকারের একাধিক মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পরিচালনা করছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ, চাকরিপ্রত্যাশীদের দক্ষতা ও যোগ্যতার তথ্য সংরক্ষণ ও উন্নয়ন এবং উপযুক্ত প্রার্থীর সঙ্গে সংশ্লিষ্ট শূন্য পদের মিল করার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে কর্মসংস্থান ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ, মেধাভিত্তিক, ন্যায্য ও বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে। বর্তমানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যার প্রধান লক্ষ্য হচ্ছে চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানসংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান এবং যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি সমন্বিত কাঠামো প্রতিষ্ঠা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শ্রমিকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হলেও বেকার তরুণ-তরুণীদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠিত হলে এর মাধ্যমে একটি সমন্বিত কাঠামো প্রতিষ্ঠা করা হবে এবং চাকরিপ্রার্থীদের বিভিন্ন সেবা দেওয়া হবে।