প্রভাত রিপোর্ট: জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ ও কাঠামোগত সমস্যার কারণে দেশের তৈরি পোশাকশিল্প খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে জ্বালানি সংকটের কারণে এ খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে আন্তর্জাতিক ক্রয়াদেশ কমে যাওয়া বা বাতিল হওয়া, উৎপাদন ব্যাহত হওয়া এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তৈরি পোশাকশিল্পের চলমান সংকট নিরসন, শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সুরক্ষা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিন মঙ্গলবারের (১৭ নভেম্বর) কার্যতালিকায় প্রস্তাবটি রাখা হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে গত ৮ নভেম্বর তিনি এ প্রস্তাব জমা দেন। গত ৯ নভেম্বর নোটিশটি গ্রহণ করা হয়। কিন্তু ১৫ নভেম্বর কার্যতালিকায় থাকার পরও সংসদে আলোচনা হয়নি। এটি নিয়ে সোমবার (১৬ নভেম্বর) বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ পয়েন্ট অব দাঁড়িয়ে সমালোচনা করেন।
প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। ফলে এ শিল্পের স্থিতিশীলতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।
নোটিশে বলা হয়, গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ ও নিম্নচাপ, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতায় কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমেছে। অনেক কারখানার আন্তর্জাতিক ক্রয়াদেশ কমেছে বা বাতিল হয়েছে। কোথাও আংশিক উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। অধিকাংশ কারখানা নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে পারেনি।
এতে আরও বলা হয়, জ্বালানি সংকটের শুরু থেকেই বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সতর্ক করা হয়েছিল। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রয়াদেশ অনুযায়ী পণ্য উৎপাদন ও নির্ধারিত সময়ে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা জানানো হয়েছিল। এর ফলে ক্রয়াদেশ বাতিল, শ্রমিকদের কর্মঘণ্টা ও আয় হ্রাস, কারখানা বন্ধ এবং শ্রমিক অসন্তোষের মতো সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। তবে এসব সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি বলে নোটিশে উল্লেখ করা হয়।
শ্রমিক অসন্তোষের বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তার দাবিতে সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলে বিক্ষোভ ও অসন্তোষের ঘটনা ঘটছে। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কোথাও কোথাও কারখানা বন্ধ রাখতে হচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতা, মালিকদের সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা জরুরি।
এলডিসি উত্তরণের জন্য বাংলাদেশকে অতিরিক্ত তিন বছর সময় দেওয়ার সুযোগের বিষয়টি উল্লেখ করে নোটিশে বলা হয়, এই সময় যথাযথভাবে কাজে লাগানো গেলে তৈরি পোশাকশিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি ও প্রযুক্তিগত উন্নয়নের সুযোগ তৈরি হবে। এ জন্য আগামী তিন বছরের প্রস্তুতি, নীতিগত সংস্কার ও প্রয়োজনীয় প্রণোদনা নিশ্চিত করতে সুপরিকল্পিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়াকে পুঁজি করে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার, শিল্পমালিক, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রস্তাবে তৈরি পোশাকশিল্পের সংকট নিরসন, শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সুরক্ষা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক ক্রয়াদেশ ও রপ্তানি সক্ষমতা বজায় রাখা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিয়ে সংসদে সাধারণ আলোচনার আহ্বান জানানো হয়েছে।