• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

Reporter Name / ৯০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে জামিনের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। সোমবার (১১ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সুমনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী, সঙ্গে ছিলেন আইনজীবী লিটন আহমেদ।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। সুমনের আইনজীবী লিটন আহমেদ জানান, ‘তার বিরুদ্ধে মোট সাতটি মামলা ছিল। আজ একটি মামলায় জামিন পেলেন। এখন তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা থাকায় এখনই কারামুক্তির কোনো সুযোগ নেই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় ওই মামলাটি করেন হৃদয় মিয়া। মামলার বাদী হৃদয় মিয়া হবিগঞ্জের মাধবপুর ১০ নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি। সুমন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category