প্রভাত সংবাদদাতা, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভাধীন ঐতিহ্যবাহী শফিকীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল মুসল্লিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল এবং মুনিরুল উলুম বারীয়া ইসলামী আলিম মাদ্রাসার বার্ষিক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ২০২৫ সালের (১৯, ২০,২১,) ডিসেম্বর এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্ব করেন শফিকীয়া দরবার শরীফের পীর ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহ সুফী চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মঃ)। তিন দিনব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-এর আশেক, অত্র দরবারের ভক্ত-মুরিদ ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। প্রতিদিনই হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে দরবার শরীফ ও আশপাশের এলাকা লোকারণ্যে পরিণত হয় মাহফিলের প্রতিটি অধিবেশনে দেশের খ্যাতনামা ও বরেণ্য হক্কানি আলেম-ওলামাগণ কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন। বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ, সুন্নাহ অনুসরণ, ইসলামী জীবনব্যবস্থা ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলে সভাপতির বক্তব্যে পীর সাহেব বিশেষভাবে মুসলমানদের শারীরিক ও আত্মিক পবিত্রতা রক্ষার ওপর গুরুত্ব দেন। এ বছর মাহফিলের একটি উল্লেখযোগ্য দিক ছিল মায়ানমার (বার্মা) থেকে আগত প্রায় ২০ জন সালেকিনের উপস্থিতি, যা মাহফিলের আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করেছে। শেষ দিনে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিল স্থানীয় মুসলমানদের মাঝে ব্যাপক ধর্মীয় উদ্দীপনা সৃষ্টি করেছে।