প্রভাত সংবাদদাতা, রাজশাহী: বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও মেডিকেল টেকনোলজিস্টরা। দাবি পূরণ না হলে আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে কর্মবিরতি এবং পরবর্তী সময়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগের (আউটডোর) ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করেও কোনো সমাধান পাওয়া যায়নি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্তানদের পড়াশোনার ব্যয়ের সঙ্গে তাদের বর্তমান বেতন সামঞ্জস্যপূর্ণ নয়।
আন্দোলনকারীরা জানান, তাদের দাবি বিবেচনা করে সমাধানের জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করবেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলন কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন বক্তারা। তারা বলেন, দ্রুত সমস্যার সমাধান হলে সম্মানের সঙ্গে আবারও কর্মস্থলে ফিরে যাবেন।