প্রভাত বিনোদন : পৃথিবীতে ঘৃণা ছড়াতে খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। একটি বিদ্বেষপূর্ণ মন্তব্য, একটু ভুল–বোঝাবুঝি কিংবা সামান্য উসকানিই কখনো কখনো বড় সংঘাতের জন্ম দিতে পারে। কিন্তু সেই ঘৃণাকে ভালোবাসায় বদলানোর উপায় কী? বলিউড তারকা শাহরুখ খানের কাছে এর উত্তর খুব কঠিন কিছু নয়—সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং বিভেদের বদলে সহাবস্থান।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত গ্লোবাল পিস অনার্স ২০২৬ অনুষ্ঠানে এই বার্তাই দিয়েছেন শাহরুখ। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৮ বছর পূর্তি স্মরণে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় আসরে উপস্থিত ছিলেন ভারতের চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনের একাধিক তারকা, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা।
শাহরুখের বক্তব্যের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল তাঁর ছোট ছেলে আব্রামের সঙ্গে একটি কথোপকথনের স্মৃতিচারণা। একদিন আব্রাম বাবাকে প্রশ্ন করেছিল, ঘৃণাকে কীভাবে ভালোবাসায় রূপান্তর করা যায়? ছেলের সেই প্রশ্নের উত্তরে শাহরুখ যা বলেছিলেন, এবার তা–ই সবার সামনে তুলে ধরেন তিনি।
শাহরুখ বলেন, ‘আমি তাকে বলেছিলাম, বিষয়টি খুব সহজ। আমরা সবাই যদি সহিংসতার বদলে সংলাপকে, ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিই এবং একসঙ্গে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নিই, তাহলে ভালোবাসারই জয় হবে।’
শাহরুখের মতে, শান্তি প্রতিষ্ঠার শুরুটা হয় মানুষের নিজের ভেতর থেকে। শান্তি কেবল সুন্দর একটি ধারণা নয়; এটি প্রতিদিনের সিদ্ধান্ত, দায়িত্ব ও প্রতিশ্রুতি। প্রতিদিনের আচরণে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
শাহরুখের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাধারণ মানুষের ক্ষমতা। বড় বড় রাষ্ট্র, ক্ষমতাধর ব্যক্তি কিংবা আন্তর্জাতিক সংস্থার সিদ্ধান্তের বাইরে সাধারণ মানুষের ছোট ছোট মানবিক কাজও যে ইতিহাস বদলে দিতে পারে, সেটি মনে করিয়ে দেন তিনি।
অনুষ্ঠানে শাহরুখের বক্তব্যে উঠে আসে মতের অমিল ও পারস্পরিক শ্রদ্ধার প্রসঙ্গও। তাঁর মতে, মানুষের মধ্যে মতপার্থক্য থাকবেই। প্রত্যেকের চিন্তা, অভিজ্ঞতা ও জীবনযাপনের ধরন এক রকম নয়। তাই সবার সঙ্গে সব বিষয়ে একমত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু ভিন্নমত পোষণ করলেও অন্যের অবস্থান ও অভিজ্ঞতা বোঝার চেষ্টা করতে হবে।
শাহরুখ বলেন, ‘আমাদের সব বিষয়ে একমত হতে হবে না। কিন্তু প্রত্যেক মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে। আমরা অনেক বোকামি করতে পারি, কিন্তু কারও জন্য কষ্ট বা সমস্যার কারণ হওয়া উচিত নয়।’
এ বক্তব্যে শাহরুখ শান্তির ধারণাকে কেবল যুদ্ধ বা সন্ত্রাসবাদ বন্ধের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং দৈনন্দিন জীবনের আচরণ, সামাজিক সম্পর্ক এবং ভিন্নমতের প্রতি সহনশীলতাকেও শান্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছেন।
বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোর জন্য ক্ষমাও চান শাহরুখ। এরপর জীবনের নানা লড়াইয়ের কথা বলতে গিয়ে বলেন, মানুষ কখনো স্বপ্নের জন্য, কখনো নিজের পরিচয়ের জন্য, কখনো প্রিয়জনদের জন্য লড়াই করে। এমনকি পার্কিংয়ের জায়গা কিংবা নিজের ছোট্ট কোনো মতামত নিয়েও বিবাদে জড়ায়। অথচ এমন একটি বিষয় আছে, যার জন্য কারও সঙ্গে লড়াই করার প্রয়োজন নেই, সেটি হলো শান্তি।
দেবিকার সাহসের সামনে শাহরুখ
অনুষ্ঠানের আরেকটি স্মরণীয় মুহূর্ত ছিল ২৬/১১ মুম্বাই হামলা থেকে বেঁচে যাওয়া দেবিকা রোতাওয়ানের সঙ্গে শাহরুখের সাক্ষাৎ। হামলার সময় দেবিকা ছিলেন শিশু। সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পরও প্রাণে বেঁচে যান তিনি। পরবর্তী সময়ে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আদালতে হাজির হয়ে হামলাকারী আজমল কাসাবকে শনাক্ত করেছিলেন। হামলার ভয়াবহ অভিজ্ঞতা ও বিচারের প্রক্রিয়ায় দেবিকার সাহসী ভূমিকার জন্য অনুষ্ঠানে দেবিকাকে সম্মাননা দেওয়া হয়। শাহরুখের সঙ্গে তাঁর কথোপকথনও উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে।
মুম্বাইয়ের সেই হামলা ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী ঘটনা। ২০০৮ সালের ২৬ নভেম্বর শুরু হওয়া হামলা চলে প্রায় ৬০ ঘণ্টা। মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, ছত্রপতি শিবাজি টার্মিনাসসহ বিভিন্ন স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। প্রাণ হারান ১৬৬ জন। আহত হন কয়েক শ মানুষ। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।
গ্লোবাল পিস অনার্সে শাহরুখের পাশাপাশি উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, শচীন টেন্ডুলকার, সুনীল শেঠি, বিক্রান্ত ম্যাসি ও বোমান ইরানির মতো পরিচিত মুখ। অনুষ্ঠানের আয়োজন করেছিল অমৃতা ফড়নবিশের প্রতিষ্ঠিত দিব্যজ ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেসহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে অক্ষয় কুমার ‘তেরি মিট্টি’ গানের সঙ্গে পরিবেশনা করেন। পরে ‘সুনো গৌর সে দুনিয়া ওয়ালো’ গানে তাঁর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। টাইগার শ্রফ পরিবেশনা করেন ‘দেবা শ্রী গণেশা’ গানে। রণবীর সিং মঞ্চে এসে তাঁর ‘ধুরন্ধর’ ছবির গানের সঙ্গে পারফর্ম করেন এবং ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে সম্মান জানান। বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শাহরুখ মঞ্চে আসার সময় ‘চাক দে ইন্ডিয়া’ গানটি পরিবেশন করেন সুখবিন্দর সিং।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি অবলম্বনে