• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: নিজ পদে ফিরেছেন জেনসেন হুয়াং। আবারও তিনি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন। সোমবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং জেনসেন হুয়াংকে সিইও পদে পুনর্বহাল করা হয়েছে। তাদের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।
বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর তথ্য ফাঁস হওয়ার পর ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। যাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর এই কেলেঙ্কারি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিল, তিনি একজন চীনা নারী ব্যবসায়ী।
অ্যালিস হুয়াং নামে ওই নারী চীনের গুপ্তচর হিসেবে কাজ করেছেন বলে সন্দেহ প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দারা। বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।
সাবেক সাংবাদিক অ্যালিস হুয়াং একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি খাতের একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করে চীনা কোম্পানিগুলোকে উন্নত প্রযুক্তির এনভিডিয়া এআই চিপ পেতে সহায়তা করার সন্দেহে থাকা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কেন্দ্রে ছিলেন তিনি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এদিকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগের ওপর নজর রাখছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।
১২ নভেম্বর ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং চীনে ফিরে গেছেন। তিনি রাজধানী বেইজিংয়ে বসবাস করছেন এবং দেশটির নিরাপত্তা কর্মকর্তা তাঁর অবস্থান সম্পর্কে জানেন। তবে তিনি ঠিক কবে বেইজিংয়ে গেছেন, কেন ফিরে গেছেন কিংবা সেখানে কী করছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অ্যালিস হুয়াংয়ের বেইজিংয়ে থাকার খবর এমন এক সময়ে এল, যখন তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক নিয়ে তদন্ত চলছে। এই তদন্তে বিশ্বের সবচেয়ে উন্নত কিছু কম্পিউটার চিপের সরবরাহ, এতে চীনের গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্কগুলো কোম্পানিটিকে কতটা জাতীয় নিরাপত্তাঝুঁকির মুখে ফেলেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত। তিনি ছিলেন সিঙ্গাপুর–ভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ও একজন শীর্ষ নির্বাহী। প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার চিপের সবচেয়ে বড় ক্রেতাদের একটিতে পরিণত হয়েছিল।
ব্যবসায়িক সূত্র ধরেই জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিস হুয়াংয়ের আর কোনো পরিচয় আছে কি না, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করে। বিশেষ করে তারা এটা দেখতে চেয়েছে, অ্যালিস হুয়াং চীনের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) সঙ্গে যুক্ত কোনো গোয়েন্দা সম্পদ বা এজেন্ট কি না।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের বসন্ত থেকে (মার্চ থেকে মে মাস) এ বছরের শরৎকাল (সেপ্টেম্বর থেকে নভেম্বর) পর্যন্ত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিস হুয়াংয়ের। এই সময়ের মধ্যে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কও ছিল। সে সময় জেনসেন হুয়াং বিশ্বের সর্বাধুনিক এআই প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্ব দিচ্ছিলেন।
মেগাস্পিডের এই সময়ে এনভিডিয়া থেকে বিপুল পরিমাণ চিপ কেনার ঘটনাও মিলে যায়। এসব চিপের কিছু সরবরাহ করা হয়েছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ডেটা সেন্টারে। এসব ডেটা সেন্টার চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান আলিবাবাসহ বিভিন্ন কোম্পানিকে সেবা দিত। তবে সন্দেহ করা হচ্ছে, চিপের আরও কিছু চালান শেষ পর্যন্ত চীনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছে চীন।
এই তদন্তে অ্যালিস হুয়াংয়ের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েইয়ের বিষয়টিও সামনে এসেছে। পরিচিতজনদের কাছে তাঁকে প্রায়ই অ্যালিস হুয়াংয়ের স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু প্রমাণ সংগ্রহ করেছে, যাতে দেখা যায়, কাং ওয়েইও চীনের একই গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন।
নিউইয়র্ক টাইমস এর আগে জানিয়েছিল, অ্যালিস হুয়াং ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে চীনের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ছিল।
পরিবারটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানির বিরুদ্ধে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছে শক্তিশালী চিপ সরবরাহের চেষ্টার অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হয়ে কাজ করে।
মেগাস্পিডের পরিচিত মুখ (পাবলিক ফেস) ছিলেন অ্যালিস হুয়াং। তবে ব্যবসাটির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আরেক ব্যক্তির পরিচয়ও সামনে এসেছে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ৫২ বছর বয়সী চীনা নাগরিক লি মিং মেগাস্পিডের কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্তেও তাঁর ভূমিকা ছিল। এনভিডিয়ার চিপ কেনাবেচার সঙ্গে যুক্ত আরও কয়েকটি কোম্পানির সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতা ছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, লি এখন সিঙ্গাপুরে জামিনে মুক্ত রয়েছেন। তিনি সেখানে চীনা দূতাবাসের কাছের একটি বিলাসবহুল ভিলায় বসবাস করছেন। তাঁকে কেন গ্রেপ্তার করা হয়েছিল, তা জানানো হয়নি।
চীনে এনভিডিয়ার নিয়ন্ত্রিত এআই প্রসেসর পাচারে সহায়তার সন্দেহে থাকা কোম্পানিগুলোর একটি নেটওয়ার্কের কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে লিকে চিহ্নিত করা হয়েছে। এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মেগাস্পিডও। প্রতিষ্ঠানটিতে অ্যালিস হুয়াং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category