প্রভাত অর্থনীতি: ইউরোপের অন্যতম প্রধান দুই বাজার জার্মানি ও ফ্রান্স থেকে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ব্যাপকভাবে কমেছে। ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, এই পতনের মূল কারণ ছিল তৈরি পোশাক খাতের রপ্তানি আয় কমে যাওয়া।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানি থেকে ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের ৫.০৭ বিলিয়ন ডলার থেকে ১০.১ শতাংশ কমে ৪.৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ফ্রান্স থেকে আয় আগের অর্থবছরের ২.৩২ বিলিয়ন ডলার থেকে ৭ শতাংশ কমে ২.১৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এই দুই বাজার থেকে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার কম হয়েছে। এই নিম্নমুখী প্রবণতার পেছনে মূলত দেশের তৈরি পোশাক শিল্পের প্রভাবই বেশি। জার্মানি থেকে তৈরি পোশাক রপ্তানি আয় ১০.৬ শতাংশ কমে ৪.২৫ বিলিয়ন ডলার এবং ফ্রান্স থেকে ৬.৫ শতাংশ কমে ১.৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রধান এই দুই বাজারের পতন বাংলাদেশের বৃহত্তম আঞ্চলিক রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সামগ্রিক রপ্তানি আয় সংকুচিত হওয়ার পেছনেও ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের ‘অ্যানুয়াল এক্সপোর্ট রিসিপ্টস অব গুডস অ্যান্ড সার্ভিসেস ২০২৫-২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে ইইউভুক্ত দেশগুলো থেকে রপ্তানি আয় আগের অর্থবছরের ২০.২৬ বিলিয়ন ডলার থেকে ২.৭ শতাংশ কমে ১৯.৭২ বিলিয়ন ডলারে নেমেছে। এর ফলে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয়ে ইউরোপীয় জোটটির অংশীদারত্বও ৪৬.৫ শতাংশ থেকে কমে ৪৫.৭ শতাংশে দাঁড়িয়েছে।
রপ্তানি আয়ের এই নিম্মমুখীতা কেবল জার্মানি ও ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইতালি থেকে রপ্তানি আয় ৫.৪ শতাংশ কমে ১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া ডেনমার্ক থেকে আয় ৬.১ শতাংশ কমে ৯৮৬.৬ মিলিয়ন ডলার এবং বেলজিয়াম থেকে ৪.৯ শতাংশ কমে ৬০১.৬ মিলিয়ন ডলারে নেমে এসেছে। আরেক প্রধান রপ্তানি গন্তব্য জাপান থেকেও রপ্তানি আয় ৮ শতাংশ কমে ১.২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তবে ইউরোপের সব বাজারে রপ্তানি চিত্র এক রকম ছিল না। স্পেন থেকে রপ্তানি আয় ৫ শতাংশ বেড়ে ৩.৪৮ বিলিয়ন ডলার এবং নেদারল্যান্ডস থেকে ২.১ শতাংশ বেড়ে ২.১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে পোল্যান্ডে ৮.৩ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় দেশটি থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১.৮৪ বিলিয়ন ডলারে।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অতিমাত্রায় তৈরি পোশাক খাতনির্ভর। এ জন্য প্রধান আন্তর্জাতিক বাজারগুলোতে চাহিদার পরিবর্তন এবং ক্রেতাদের পণ্য সংগ্রহের (সোর্সিং) সিদ্ধান্তের কারণে বাংলাদেশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায়।
২০২৫-২৬ অর্থবছরে জার্মানি থেকে অর্জিত মোট ৪.৫৬ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে ৪.২৫ বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। আর ফ্রান্স থেকে আসা মোট ২.১৬ বিলিয়ন ডলারের মধ্যে ১.৯৫ বিলিয়ন ডলার ছিল পোশাক খাতের আয়। অন্যান্য রপ্তানি খাতেও এই পতন স্পষ্ট ছিল। জার্মানি থেকে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ১৬.১ শতাংশ কমে ৫৯.৭ মিলিয়ন ডলারে এবং ফ্রান্স থেকে ৩১.৬ শতাংশ কমে ৬৬.৫ মিলিয়ন ডলারে নেমেছে। বিপরীতে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। দেশটি থেকে রপ্তানি আয় ৩.২ শতাংশ বেড়ে ৮.০৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ ছাড়া যুক্তরাজ্যেও রপ্তানি আয় ২.১ শতাংশ বেড়ে ৪.৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং স্পেনে রপ্তানি বেড়েছে ৫ শতাংশ।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা) ভুক্ত দেশগুলো থেকে রপ্তানি আয় ৩.২ শতাংশ বেড়ে ৯.৭৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর ফলে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয়ে দেশগুলোর অংশীদারত্ব ২১.৮ শতাংশ থেকে বেড়ে ২২.৭ শতাংশে দাঁড়িয়েছে।
তৈরি পোশাক খাতের আয় দুর্বল হয়ে পড়লেও ২০২৫-২৬ অর্থবছরে বেশ কয়েকটি ছোট রপ্তানি খাত বেশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এর মধ্যে উদ্ভিজ্জ পণ্যের রপ্তানি আয় ৩৮.১ শতাংশ বেড়ে ৩৩৭.৫ মিলিয়ন ডলার, বাইসাইকেল রপ্তানি ২১.২ শতাংশ বেড়ে ১৩৯.৯ মিলিয়ন ডলার এবং মাছ ও চিংড়ি থেকে আয় ১০.২ শতাংশ বেড়ে ৩৯০.৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ৫.৭ শতাংশ বেড়ে ১.২৭ বিলিয়ন ডলার এবং ওষুধ রপ্তানি ৫.৪ শতাংশ বেড়ে ২২৭.৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
তবে তৈরি পোশাক খাতের তুলনায় এই খাতগুলোর আকার এখনো তুলনামূলকভাবে বেশ ছোট। ২০২৫-২৬ অর্থবছরে এককভাবে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ৩৬.৫৬ বিলিয়ন ডলার, যা দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮৪.৬ শতাংশ। ফলে ছোট খাতগুলোর এই প্রবৃদ্ধি দেশের বৃহত্তম রপ্তানি শিল্পের পতন পুষিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না।
সামগ্রিকভাবে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় আগের বছরের ৪৩.৫৬ বিলিয়ন ডলার থেকে ০.৮ শতাংশ কমে ৪৩.২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পণ্য ও সেবা মিলিয়ে মোট রপ্তানি আয় সামান্য বা ০.১ শতাংশ কমে ৫০.৪৪ বিলিয়ন ডলারে নেমেছে, যেখানে সেবা খাতের রপ্তানি আয় ৪.৭ শতাংশ বেড়ে ৭.২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
উল্লেখ্য, এই পরিসংখ্যানগুলো পণ্য জাহাজীকরণের তারিখের বদলে ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত আয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সময়, মূল্যায়ন এবং আওতাভুক্তির পার্থক্যের কারণে কেন্দ্রীয় ব্যাংকের এই হিসাবের সঙ্গে জাহাজীকরণ-ভিত্তিক রপ্তানি পরিসংখ্যানের ভিন্নতা থাকতে পারে।