• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

প্রভাত অর্থনীতি: দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের শুদ্ধি অভিযানে নামছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে চরম সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) ‘নন-ভায়েবল’ বা অকার্যকর ঘোষণার আইনি প্রক্রিয়া চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর এই সিদ্ধান্তের কথা জানান।
গভর্নর বলেন, আর্থিক প্রতিষ্ঠান খাতের শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যালোচনার ভিত্তিতে ৯টি এনবিএফআই-কে অকার্যকর ঘোষণার আইনি প্রক্রিয়া এই সপ্তাহেই শুরু হবে। তিনি আরও বলেন, ‘এসব প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য দ্রুতই অডিটর নিয়োগ করা হবে। তাদের লক্ষ্য হবে প্রতিষ্ঠানগুলোর দেনা (নেগেটিভ নেটওয়ার্ক) আসলে কত—১০০ কোটি নাকি ১০ হাজার কোটি টাকা—তা সুনির্দিষ্টভাবে বের করা।’
সংবাদ সম্মেলনে আমানতকারীদের জন্য আশার কথা শুনিয়েছেন গভর্নর। তিনি জানান, অকার্যকর ঘোষিত এসব প্রতিষ্ঠানের সাধারণ আমানতকারীদের পাওনা রমজানের মধ্যেই ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে সাধারণ আমানতকারীরা অর্থ ফেরত পেলেও শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের বিশেষ তহবিল ব্যবহার করে সাধারণ আমানতকারীদের আসল টাকা পরিশোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের অন্যান্য দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে গভর্নর জানান, ‘ব্যাংক রেজল্যুশন বিভাগ’ এগুলো নিয়ে নিয়মিত কাজ করছে। এর মধ্যে ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ইতোমধ্যে সফলভাবে আর্থিক স্বচ্ছলতা (Solvency) অর্জন করতে সক্ষম হয়েছে। বাকি দুর্বল ব্যাংকগুলোকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা ‘পাথওয়ে টু সাকসেস’ দেওয়া হচ্ছে, যাতে তারা আমানতকারীদের দায় মেটাতে সক্ষম হয়।’ তবে এই ব্যাংকগুলোর সংকট কাটাতে আরও বড় অংকের অর্থের প্রয়োজন। গভর্নর বলেন, ‘বাকি দুর্বল ব্যাংকগুলোর সংকট উত্তরণে আরও প্রায় ২০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। বর্তমান বাজেটে এই তহবিলের সংস্থান নেই, তাই এটি পরবর্তী বাজেট ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’ তিনি আরও জানান, বর্তমানে আলাদা কোনো ‘রেজল্যুশন ফান্ড’ নেই এবং ডিপোজিট ইনস্যুরেন্স স্কিমের ১৯ হাজার কোটি টাকার মধ্যে ১২ হাজার কোটি টাকা ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে।
ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, ‘কোনো ঋণ খেলাপি যদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (Stay Order) নিয়ে আসেন, তবে কেন্দ্রীয় ব্যাংকের তা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। নির্বাচনের ক্ষেত্রে ঋণ খেলাপিদের যোগ্যতার বিষয়টি সম্পূর্ণভাবে সরকার ও আদালতের এখতিয়ার। সংবিধান অনুযায়ী আদালতের নির্দেশের বাইরে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’ এর আগে গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই ৯টি প্রতিষ্ঠান অবসায়নের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো:
১. পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ২. ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ৩. আভিভা ফাইন্যান্স ৪. এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫. ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৬. বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ৭. প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ৮. জিএসপি ফাইন্যান্স কোম্পানি ৯. প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই প্রতিষ্ঠানগুলোর ঋণের সিংহভাগই এখন খেলাপি। কোনো কোনো প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৭০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে অকার্যকর করে তুলেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও