• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
ঈদ যাত্রায় গাবতলীতে দূরপাল্লার বাসের টিকিটে সংকট নেই ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, যাত্রী ভোগান্তি মিনায় লাখো হজযাত্রী, হজের আনুষ্ঠানিকতা শুরু তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে ঈদের ছুটি, সকালে কিছুটা ফাঁকা ছিল রাজধানীর প্রধান সড়কগুলো ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ৬–৪ গোলে, চোট পেলেন মেসি ২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড শিল্পকর্ম আমাদের পাপ, শিল্পচর্চা করে কি আমরা অপরাধী? প্রশ্ন আবুল হায়াতের ‘ছোটকাকু’র নতুন কিস্তি ‘কিশোরগঞ্জের কিশোরদল’–এ শুরুতে ভয় , পরে মুগ্ধ জাকিয়া বারী মম প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুনরুদ্ধার করলেন হালান্ড।

রোনালদোর বিরল কার্ড বিক্রি হলো রেকর্ড ১৩ লাখ ৫০ হাজার ডলারে

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে খেলার সময়ের একটি বিরল ট্রেডিং কার্ড (২০১৮ পানিনি কাবুম গ্রিন ১-অব-১) গতকাল রেকর্ড ১৩ লাখ ৫০ হাজার ডলারে (প্রায় ১৬ কোটি ৫৩ লাখ টাকা) বিক্রি হয়েছে। ‘ফ্যানাটিকস কালেক্ট’-এর মাধ্যমে ব্যক্তিগতভাবে এই বিক্রির বিষয়টি ইএসপিএনকে নিশ্চিত করেছে ফ্যানাটিকস কর্তৃপক্ষ।
রোনালদোর কোনো ট্রেডিং কার্ডের জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। ফুটবল ইতিহাসে কার্ড বিক্রিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ দাম। তালিকার শীর্ষে লিওনেল মেসির একটি ‘রুকি’ কার্ড, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে (প্রায় ১৮ কোটি ৩৬ লাখ টাকা)। সেটা ছিল ‘লিওনেল মেসি ২০০৪ পানিনি মেগা ক্রাকস পিএসএ ১০’ ট্রেডিং কার্ড।
ফুটবলের ইতিহাসে প্রথম ১০ লাখ ডলারের মাইলফলক ছোঁয়া ট্রেডিং কার্ডটি পেলের। তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তির ‘রুকি কার্ড’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার ডলারে (প্রায় ১৬ কোটি ২৮ লাখ টাকা)। ফুটবল ইতিহাসে কার্ড বিক্রির দামে এটি তৃতীয় সর্বোচ্চ।
এর আগে গত ২২ মে ‘ফ্যানাটিকস প্রিমিয়ার’ নিলামে রোনালদোর একটি কার্ড ৪ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়, যা ছিল তাঁর কার্ড বিক্রির পূর্ববর্তী সর্বোচ্চ দামের রেকর্ড। ২০১৫ সালের ‘পানিনি ফ্ললেস ফিনিশেস ব্ল্যাক’ সংস্করণের সেই অনন্য (১-অব-১) কার্ডটিতে রোনালদোর অটোগ্রাফও ছিল। কার্ড গ্রেডিং প্রতিষ্ঠান ‘প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটর’ (পিএসএ) কার্ডটির মান ৭ এবং অটোগ্রাফের মান ১০ গ্রেডে নির্ধারণ করেছিল।
কিন্তু রোনালদোর ‘২০১৮ পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ ট্রেডিং কার্ডটি একদমই বিরল। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, কার্ডটি ২০১৮ সালের ‘পানিনি কাবুম গ্রিন প্যারালাল’ সংস্করণ, যা পৃথিবীতে মাত্র একটিই তৈরি করা হয়েছিল। কমিক বইয়ের চমৎকার শিল্পশৈলীর কারণে আধুনিক যুগের একাধিক খেলার সংগ্রাহকদের কাছে পানিনির ‘কাবুম’ সেটগুলো সব সময়ই বেশ জনপ্রিয় এবং মূল্যবান সংগ্রহ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
অ্যাথলেটিক আরও জানিয়েছে, ২০১৮ সালে ৫০ জন খেলোয়াড়কে নিয়ে এই বিশেষ সেট বাজারে আসে, যা কেবল ‘পানিনি রিওয়ার্ডস’ কর্মসূচির আওতায় বিভিন্ন খেলার মিশ্র প্যাকেজে (মাল্টিস্পোর্ট প্যাক) পাওয়া যেত। পাঁচ বছর আগে বাজারে আসা সাধারণ বেজ সংস্করণগুলোর চেয়ে এই সেটে অনন্য ‘গ্রিন ১/১’ সংস্করণ যুক্ত করা হয়। আর এ কারণেই বিশ্বজুড়ে নামী ও বড় সংগ্রাহকদের কাছে এই সেটের চাহিদা আকাশচুম্বী।
২০১৩-১৪ মৌসুমে পানিনি ইনোভেশন বাস্কেটবল কার্ডের মাধ্যমে কাবুম ডিজাইনের প্রথম পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে এটি ফুটবল, বেসবল ও ফুটবলের বিভিন্ন পণ্যেও ছড়িয়ে পড়ে। আল নাসরের হয়ে প্রথমবারের মতো সৌদি প্রো লিগ জয়ের উৎসবে ভাসছেন রোনালদো। ঠিক এই সময়েই তাঁর কার্ড বিক্রির খবরটি এল। ৪১ বছর বয়সী রোনালদো খেলবেন আগামী বিশ্বকাপেও। তাঁকে নিয়েই পর্তুগালের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেজ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category