কুলসুম আকতার পুতুল,শরণখোলা: বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় সুজন মোল্লা (৩৮) নামে এক প্রবাসফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হন।
নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে তিনি নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করেন। আর বিদেশে না গিয়ে নিজ এলাকায় ব্যবসা করার সিদ্ধান্ত নিয়ে একটি নসিমন কিনে কাঠ পরিবহনের কাজ শুরু করেছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কাঠবোঝাই নসিমন নিয়ে উপজেলার দিকে যাচ্ছিলেন সুজন। ছুটোখার বাজারের মোড়ে পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে নসিমনটি উল্টে যায় এবং সুজন মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একজন আহত হন।
নিহতের বাবা হানিফ মোল্লা বলেন, “তিন মাস আগে ছেলে বিদেশ থেকে বাড়িতে আসে। সে আর বিদেশে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। নিজের পায়ে দাঁড়াতে নসিমন কিনে কাঠের ব্যবসা শুরু করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই নসিমনই তার প্রাণ কেড়ে নিল।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সুজনের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। নতুন স্বপ্ন নিয়ে দেশে ফেরা এক যুবকের এমন করুণ মৃত্যুতে এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন।