• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

সতীর্থ জোতার স্মৃতিকে সঙ্গী করেই খেলবেন রবার্টসন

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিভারপুলের ড্রেসিংরুমে অ্যানফিল্ডের চেনা আলো-ছায়ার নিচে কত রাত তাঁরা গল্পে মেতেছেন। কত জয়ের উল্লাস, কত ব্যর্থতার দীর্ঘশ্বাস ভাগ করে নিয়েছেন দুজন। ফুটবলারদের জীবন তো আসলে এমনই—একই জার্সির নিচে লুকিয়ে থাকে হাজারটা না-বলা বন্ধুত্বের গল্প। অ্যান্ডি রবার্টসন আর দিয়োগো জোতার গল্পটাও ছিল ঠিক তেমনই। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর চিত্রনাট্যকার।
গত বছরের ৩ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল লিভারপুলের পর্তুগিজ তারকা জোতাকে। অকালেই ঝরে গেল এক তাজা প্রাণ, স্তব্ধ হলো ফুটবল–বিশ্ব। কিন্তু স্মৃতিরা কি এত সহজে বিদায় নেয়? কিছু মানুষ চলে গিয়েও আসলে থেকে যান। থেকে যান সতীর্থদের বুকের ভেতর, বন্ধুত্বের নিবিড় মলাটে। দিয়োগো জোতাও আছেন। আসন্ন বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার আগে অ্যান্ডি রবার্টসনের হৃদয়ের অনেকটুকু জুড়ে এখনো তাঁর সেই প্রয়াত বন্ধু।
সোমবার ফিফার ‘লেটার্স দ্যাট ইউনাইট’ উদ্যোগে প্রকাশিত হলো এক চিঠি। জোতার স্ত্রী রুতে কারদোসো এই আবেগঘন বার্তাটি পাঠিয়েছেন স্কটিশ ডিফেন্ডার রবার্টসনের উদ্দেশে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে পাওয়া এই চিঠি যেন এক না-বলা গল্পের অবশিষ্টাংশ।
চিঠিতে রুতে লিখেছেন, ‘দিয়েগো প্রায়ই তোমার কথা বলত। তোমাদের গড়ে ওঠা বন্ধুত্বের কথা, একসঙ্গে লড়া অসংখ্য লড়াইয়ের কথা, নানা চ্যালেঞ্জ, হাসি-আনন্দ, ফুটবল ও স্বপ্ন নিয়ে করা দীর্ঘ আলাপের কথা বলত।’
রুতের এই প্রতিটি শব্দ যেন অ্যানফিল্ডের সেই সোনালি দিনগুলোকে ফিরিয়ে আনছিল, ‘বিশ্বকাপ ছিল সেই স্বপ্নগুলোর একটি, যে স্বপ্ন তোমরা দুজন কাঁধে কাঁধ মিলিয়ে লালন করেছ। ঠিক যে আবেগ, নিষ্ঠা আর ভালোবাসা নিয়ে তোমরা মাঠে নামতে, একই আবেগ নিয়ে এই স্বপ্নকেও বাঁচিয়ে রেখেছিলে।’
গত নভেম্বরে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা ফুরিয়ে যখন স্কটল্যান্ড বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল, রবার্টসন কিন্তু একা হাসেননি। তাঁর চোখের কোণে তখন চিকচিক করছিল জোতার স্মৃতি। রবার্টসন সে সময়ই বলেছিলেন, জয়ের আনন্দের প্রথম ভাগীদার হওয়া উচিত ছিল তাঁর এই প্রয়াত বন্ধুর। পর্তুগাল দলও তাদের বিশ্বকাপ দল ঘোষণার সময় বাড়তি সদস্য হিসেবে জোতার নাম রেখে শ্রদ্ধা জানিয়েছে এই ফুটবলারকে। রুতে তাঁর চিঠিতে এই প্রসঙ্গটি টেনে এনে লিখেছেন, ‘স্কটল্যান্ড দীর্ঘ অপেক্ষার পর যখন বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল, সেদিন তুমি কী বলেছিলে, তা আমি শুনেছি। উপলব্ধি করলাম, দিয়োগো আসলে কখনোই মাঠ ছেড়ে যায়নি। সে এখনো বেঁচে আছে তার বন্ধুদের স্মৃতিতে, সতীর্থদের হৃদয়ে এবং যাদের জীবনে সে ছাপ রেখে গেছে, তাদের সবার মাঝে।’
রুতে রবার্টসনকে মনে করিয়ে দিয়েছেন, তিনি একা নন। জোতাও থাকবেন তাঁর পাশে, ছায়ার মতো। চিঠির শেষ দিকে তিনি লিখেছেন, ‘সেই স্বপ্ন পূরণের মুহূর্তে পৌঁছে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে তুমি একা সেখানে যাচ্ছ না। দিয়োগোর স্বপ্নটাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছ।’
চিঠিটি পড়ার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি রবার্টসন। আবেগাপ্লুত স্কটিশ অধিনায়ক বলেছেন, আসন্ন বিশ্বকাপে জোতার স্মৃতিকে সঙ্গী করেই তিনি মাঠে নামবেন। ২৮ বছর পর স্কটল্যান্ডকে বিশ্বকাপের মঞ্চে নেতৃত্ব দেওয়ার গৌরবময় মুহূর্তে তাঁর ভাবনার পুরোটা জুড়েই থাকবেন জোতা।
লড়াইয়ের আবহে দাঁড়িয়ে এই স্কটিশ ডিফেন্ডার এক অসামান্য ঘোষণাও দিলেন, ‘আমি শুধু নিজের জন্য খেলব না। আমি আমরা দুজনের জন্য খেলব।’
১৪ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘সি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও মরক্কো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category