• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টি। তাতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু, কোথাওবা কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ এবং খেটে খাওয়া শ্রমজীবীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

বছরের পর বছর কোটি কোটি টাকার প্রকল্প চললেও সামান্য বৃষ্টিতে নগরী ডুবে যাওয়ার এই স্থায়ী রূপ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই বৃষ্টিতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হয়।

এসব এলাকায় গিয়ে দেখা যায়, সকালের মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতেই চকবাজার ও কাতালগঞ্জ এলাকার সড়কগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় যানবাহনগুলো মাঝপথেই আটকে যাচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছাতে যেমন দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, তেমনি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রাস্তায় জমে থাকা হাঁটু সমান পানি মাড়িয়েই পথচারীদের কষ্ট করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

কাতালগঞ্জের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘বহু বছর ধরে আমরা একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাচ্ছি। একের পর এক মেগা প্রকল্প আসে, কিন্তু আমাদের কষ্টের কোনো শেষ নেই। আধা ঘণ্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, সামনের দিনগুলোতে কী হবে?’

ভোগান্তিতে পড়া রিকশাচালক মো. জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, “বহুদিন ধরে আমরা এ সমস্যার সম্মুখীন হচ্ছি। ছুটির দিন হলেও আমাদের তো আয়ের আশায় বের হতে হবে। কিন্তু রাস্তায় পানি উঠে যাওয়ায় রিকশা চালানো যাচ্ছে না। আমাদের এই কষ্ট দেখার কেউ নেই।”

বেসরকারি চাকুরিজীবী তানিয়া সুলতানা বলেন, ‘রাস্তায় এত পানি জমবে বুঝতে পারিনি। কোনো যানবাহন মিলছে না, বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়েই হাঁটতে হচ্ছে। জলাবদ্ধতার অজুহাতে যানবাহনেও ভাড়া দাবি করছে দ্বিগুণ। চট্টগ্রাম কি কখনো জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে না?’

তবে চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চিরচেনা এলাকা প্রবর্তক মোড়ে অবশ্য এবার কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। মেগা প্রকল্পের আওতায় সেখানকার হিজড়া খালের মুখে বাঁধ দিয়ে চলমান কাজের সুবাদে প্রবর্তক মোড়ে আগের মতো পানি জমেনি। তবে প্রবর্তক মোড় রক্ষা পেলেও এর আশপাশের নিচু এলাকা ও সংযোগ সড়কগুলো ঠিকই পানিতে ডুবে ছিল। ফলে সামগ্রিক ভোগান্তি খুব একটা কমেনি।

জানতে চাইলে চট্টগ্রাম আবহাওয়া অফিসের বিএফও মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মেঘের ঘনত্বের কারণে অল্প সময়ে তীব্র বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি জমেছে। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার সঠিক তদারকি ও খালগুলোর সংস্কার কাজ সময়মতো শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামকে এখনো ডুবতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category