মো: রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি হ্রাস এবং স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. কামাল আহাম্মেদ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৩১১টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার ৭৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ২৪১টি এবং পীরগঞ্জ পৌরসভার অধীনে ৭০টি কেন্দ্র পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, আবাসিক মেডিকেল অফিসার ওয়ারিশ ইয়াজদানীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেন।