• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হলেও তার সুফল এখনো ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি বলে অভিযোগ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির দাবি, সরকার রাজস্ব ছাড় দিলেও বাজারে চাল, সয়াবিন তেলসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম কমেনি; বরং কিছু পণ্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে। রবিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন।
তিনি বলেন, এবারের বাজেটে ধান, চাল, গম, আটা, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ ৬৩টি নিত্যপণ্যের উৎসে কর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সব ধরনের ভোজ্যতেলের উৎসে করও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশে নামানো হয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল কর কমানোর ফলে আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কমবে এবং তার প্রভাব খুচরা বাজারেও পড়বে। কিন্তু বাস্তবে সেই সুবিধা ভোক্তারা পাচ্ছেন না।
নাজের হোসাইন বলেন, বাজেট ঘোষণার পর ক্যাব প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছিল এবং বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ সুফল পাবে বলে আশা করেছিল। কিন্তু এরই মধ্যে ব্যবসায়ীরা দাবি করছেন, বর্তমানে বাজারে থাকা পণ্য আগের বেশি দামে আমদানি করা হয়েছে। নতুন চালান এলে তখন দাম কমতে পারে। অথচ যেসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে, সেগুলোর দাম কম দামে আমদানি হলেও ইতোমধ্যে বাড়ানো হয়েছে। এতে ব্যবসায়ীদের দ্বৈত নীতি স্পষ্ট হয়েছে।
ক্যাব বলছে, বাজার তদারকি সংস্থাগুলোর কার্যকর নজরদারির অভাবে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছে না। সরকারও বাজার নিয়ন্ত্রণে কার্যকর নিয়ন্ত্রকের ভূমিকা পালনের পরিবর্তে আগের মতো ব্যবসায়ীবান্ধব অবস্থানে রয়েছে। অনেক ক্ষেত্রে জেলা প্রশাসন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের প্রতি নমনীয় আচরণ করছে। এতে ভোক্তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজেটে আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করা হলেও এর সুফলও এখনও বাজারে দৃশ্যমান নয়। বরং দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, পোস্তদানা, কাজুবাদাম ও কাঠবাদামসহ বেশ কয়েকটি মসলার দাম বেড়েছে। খেজুরের দামেও কর ছাড়ের ইতিবাচক প্রভাব এখনও দেখা যায়নি।
সরকার কর ছাড় দিয়ে রাজস্ব আয় কমিয়েছে, কিন্তু সেই সুবিধা যদি সাধারণ ভোক্তা না পান, তাহলে এ সিদ্ধান্তের উদ্দেশ্যই ব্যর্থ হবে। বাজেট-পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে কর কমানো পণ্যের দাম কমে আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের জন্য ঘোষিত ‘জীবনবান্ধব বাজেট’ কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও মনে করে ক্যাব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category