• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
বিবেকের জীবন যখন ওলটপালট হয়ে যায়, এ সময় পথ দেখিয়েছিলেন অক্ষয় কুমার ‘ঢাকাইয়া দেবদাস’ দিয়েই ফিরবেন বুবলী টেইলর সুইফট – ট্রাভিস কেলসি বিয়েতে অতিথিদের দেয়া হয়েছিল নানা শর্ত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ প্রতিটি চ্যালেঞ্জ দিশা পাটনিকে আরও শক্ত করেছে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড প্রযোজক অংশুলা কাপুর ও রোহন ঠাক্কর নিউইয়র্কের ব্যস্ত জীবনে মেট্রোর ভেতরেই চলে ফুটবল প্রদর্শনী ও নাচ এন্ড্রিকের গোল মিস ও ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি বিশ্বকাপ স্বপ্ন অধরাই রইল রোনালদোর বিতর্কের জন্ম দেয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা
তিতাসে সরকারি রাস্তার জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

রাস্তা সরু হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ চলাচল

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬
oplus_3145728

মো.বিল্লাল মোল্লা , কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামে সরকারি রাস্তার জমি দখল করে বাড়ির সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণের অভিযোগ উঠেছে আসলাম সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রাস্তার ওপর কিংবা একেবারে ঘেঁষে দেয়াল নির্মাণ করায় গুরুত্বপূর্ণ এই সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে যানবাহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কসহ সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তাদের আশঙ্কা, এভাবে রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গ্রামে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় ও স্থানীয় সরকারের প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ করা বাধ্যতামূলক। নকশার অনুমোদন এবং নির্ধারিত দূরত্ব বজায় রেখে নির্মাণকাজ করার বিধান থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের এ সড়কটি উত্তর দিকে কলাকান্দি বাজার এবং দক্ষিণ দিকে আসমানীয়া বাজার হয়ে উপজেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এই সড়ক ব্যবহার করে প্রায় ১৪টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে কলাকান্দি বাজার হয়ে মুরাদনগর ও বাতাকান্দি বাজার এবং আসমানীয়া বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলের অন্যতম প্রধান পথ এটি। পোড়াকান্দি, কলাকান্দি, হাড়াইরকান্দি, কালাচান্দকান্দি, মীরবহরি, কাউরিয়াচর, খানেবাড়ি, কদমতলী, ঘোষকান্দি, রতনপুর, হরিপুর, আলীনগর ও দাসকান্দিসহ আশপাশের গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পোড়াকান্দি শাহী ঈদগাহ থেকে উত্তর পাশ দিয়ে কলাকান্দি বাজার পর্যন্ত এবং দক্ষিণ দিকে আসমানীয়া বাজার ও উপজেলা সদরের দিকে চলে যাওয়া সড়কের ঈদগাহ মাঠসংলগ্ন পূর্ব পাশে রাস্তা ঘেঁষে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তার একটি অংশ দখল করেই দেয়াল নির্মাণ করা হয়েছে, যার ফলে সড়কটি আগের তুলনায় অনেকটাই সরু হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার ওপর বা একেবারে ঘেঁষে স্থাপনা নির্মাণের ফলে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ছে। ভবিষ্যতে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে। বিশেষ করে ঈদগাহে নামাজ আদায়ের সময় কিংবা বড় ধরনের জনসমাগমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে অভিযুক্ত আসলাম সরকার বলেন, “যেখানে ওয়াল নির্মাণ করা হচ্ছে, তার পশ্চিম পাশে আমার জায়গা রয়েছে। প্রয়োজনে যেখান দিয়ে রাস্তা করবে, দুই পাশেই আমার জায়গা রয়েছে। সে কারণেই আমি রাস্তা ঘেঁষে ওয়াল নির্মাণ করেছি। তবে নায়েব সাহেব আপাতত কাজ না করতে বলেছেন।”
স্থানীয় বাসিন্দা দাদন মিয়া বলেন, “এটি সরকারি রাস্তার জায়গা। দখল করে দেয়াল নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। প্রশাসনের নির্দেশও মানা হচ্ছে না। দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাই।”
ভিটিকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আকাশ বলেন, “এই সড়কটি আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। আমরা এই পথ ব্যবহার করে মুরাদনগর, কলাকান্দি ও বাতাকান্দি বাজারে যাতায়াত করি। ইটের সোলিং ঘেঁষে দেয়াল নির্মাণ করা হয়েছে। কোনো নিয়ম-নীতি অনুসরণ করা হয়নি। ভূমি অফিস থেকে বাধা দেওয়ার পরও তারা তা মানছে না। মানুষের চলাচলের রাস্তা এভাবে দখল করে নেওয়া অত্যন্ত দুঃখজনক।”
ভিটিকান্দি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাজেদা আক্তার বলেন, “পোড়াকান্দি গ্রামে রাস্তা দখল করে ওয়াল নির্মাণের বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। এ বিষয়ে আরও জানতে চাইলে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন।”
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, “বিষয়টির খোঁজ নিচ্ছি। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category