প্রভাত রিপোর্ট: বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ত্রাণ বিতরণে বরাদ্দের অপব্যবহার, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুর্যোগকবলিত মানুষের সহায়তায় কোনো রাজনীতি নেই। যারা ক্ষতিগ্রস্ত, তাদের কাছেই ত্রাণ পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্গতদের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন ও সংস্কার না হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। সরকার দেশের সব খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশন এবং শুকনো মৌসুমে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি খালের পাড়ে গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে। বাঁশখালীর খাল সংস্কারের বাকি কাজ শেষ করতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।