জীবন মাহমুদ ডাবলু, কুষ্টিয়া : একসময় নোংরা পরিবেশ, অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগে সমালোচিত কুষ্টিয়া সদর হাসপাতাল এখন ধীরে ধীরে পরিণত হয়েছে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও রোগীবান্ধব একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন রোগী, স্বজন ও সংশ্লিষ্টরা।
হাসপাতালজুড়ে এখন পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলাপূর্ণ সেবাদান এবং রোগীবান্ধব ব্যবস্থাপনার কারণে চিকিৎসাসেবার মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে হাসপাতালকে পরিচ্ছন্ন ও আধুনিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে সুফল দিতে শুরু করেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন উপজেলার রোগীরা জানান, আগের তুলনায় এখন চিকিৎসকদের সহজে পাওয়া যাচ্ছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও দ্রুত সম্পন্ন হচ্ছে। এক্স-রে, প্যাথলজি পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসাসেবা একই স্থানে পাওয়ায় রোগীদের ভোগান্তিও অনেকাংশে কমেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ার পর জটিল রোগীদের একটি বড় অংশ সেখানে চিকিৎসা নেওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালের রোগীর চাপ কিছুটা কমেছে। ফলে চিকিৎসকরা প্রতিটি রোগীকে আরও সময় দিয়ে সেবা দিতে পারছেন এবং চিকিৎসার মানও উন্নত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা বজায় রাখা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, রোগীদের হয়রানি রোধ এবং মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান বলেন, “হাসপাতালে আগত প্রতিটি রোগী যেন পরিচ্ছন্ন পরিবেশে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ নেই। সেবার মান আরও উন্নত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং রোগীকেন্দ্রিক সেবার ধারাবাহিকতা বজায় থাকলে কুষ্টিয়া সদর হাসপাতাল জেলার সাধারণ মানুষের আস্থার অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।