প্রভাত রিপোর্ট: মাইকে ঘোষণা দিয়ে এবার ভেকুর মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্যমেলার মাঠে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক মেলার নির্মিত গেট ও কয়েকটি স্থাপনা ভাঙচুর করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেয়ার দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে তারা ভাঙচুর চালান।
জানা যায়, তারা বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে মাইক লাগান। এরপর পুরাতন বাণিজ্য মেলার মাঠ ও ভাংচুর করার ঘোষণা দেয়া হয় মাইকে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ছাত্ররা আসেন মাঠটিতে। এরপর তারা আনেন ভেক্।ু আর সেই ভেকু দিয়ে গেট ভাঙ্গার কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙচুর অব্যাহত রেখেছেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, পুরাতন বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের ঘোষণার পর থেকে মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামে শেকৃবির শিক্ষার্থীরা। আজ সোমবার তাদের আন্দোলনের পঞ্চম দিন।
আন্দোলনরত শিক্ষার্থী শিক্ষার্থী ফারুক বলেন, ‘আমাদের ক্যাম্পাস এবং এর জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। এর জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে রাজি হয়েছি।’
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মনির বলেন, ‘আমরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কেও বলা হয়েছে। ছাত্ররা যেন বড় কোনও ঝামেলার দিকে না যায়।’ তিনি বলেন, ‘আমাদের লোকজন আছে সেখানে। বড় কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে।’ ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরুর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন।