খান সুমন, কচুয়া: ‘নামের সাথে নেই ভাগ্যের মিল, তবু জীবনযুদ্ধে অদম্য এক কিশোর।’ কচুয়া প্রতিদিন পত্রিকায় প্রকাশিত “নামের সাথে মিল নেই ভাগ্যের, তবু বিরামহীন ছুটে চলা শেখ ডলারের” শিরোনামে একটি মানবিক প্রতিবেদন নজরে আসে কিশোর কুমার বিশ্বাসের। প্রতিবেদনের প্রতিটি লাইনে ফুটে ওঠা অদম্য তরুণ ডলারের জীবনসংগ্রাম হৃদয়ে নাড়া দেয় কচুয়ার মঘিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বেসরকারি চাকরিজীবী কিশোর কুমার বিশ্বাসের। আর সেই আবেগ থেকেই তিনি ডলারের কর্মজীবনকে কিছুটা সহজ করতে উপহার দিলেন একটি নতুন সাইকেল।
নিজে কর্মক্ষেত্রের প্রয়োজনে এলাকার বাইরে অবস্থান করায়, তার পক্ষ থেকে সাইকেলটি ডলারের হাতে তুলে দেন তার বন্ধু ও কচুয়া বনিক সমিতির সদস্য সচিব সরদার এমদাদুল হক সুমন। সাইকেলটি পেয়ে আবেগাপ্লুত ডলার জানান, নতুন এই বাহনটি তার পত্রিকা বিলি করার কাজকে আরও অনেক দ্রুত ও সহজ করে তুলবে। আজ সকাল ১১ টায় কচুয়া জিরো পয়েন্ট সংলগ্ন কফি হাউস এর সামনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই মানবিক উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।
উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, বাজার কমিটির সাধারণ সম্পাদক সরদার সুমন, কচুয়া প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুস সালেহীন (সুজন)।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, কচুয়া প্রতিদিন পত্রিকার দায়িত্বপ্রাপ্ত সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাইকেল টি পেয়ে ডলার আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি কচুয়া প্রতিদিন কর্তৃপক্ষ ও কিশোর বিশ্বাসকে ধন্যবাদ জানান।
অভাবের তাড়নায় শৈশব কেড়ে নেওয়া হলেও, শেখ ডলারের এই অদম্য বেঁচে থাকার লড়াই কচুয়ার প্রতিটি মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। কিশোর কুমার বিশ্বাসের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ।