• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

‘চা গরম’ নাটকে শুটিং চলাকালীন শেয়ালগুলো কাছে এসে চিৎকার করতো : সাফা কবির

Reporter Name / ১৪৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত বিনোদন : জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে তার নতুন কাজ নিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা ও শুটিংয়ের রোমাঞ্চকর সব স্মৃতি শেয়ার করেছেন তিনি। বিশেষ করে ‘চা গরম’ নাটকে শুটিং চলাকালীন চা বাগানের বিচিত্র অভিজ্ঞতা ভক্তদের মাঝে নতুন কৌতূহল তৈরি করেছে।
সাফা জানান, চা বাগানের মানুষগুলোর সরলতা আর আতিথেয়তায় তিনি মুগ্ধ। অভিনেত্রী বলেন, ‘ওখানকার মানুষগুলো অদ্ভুত রকমের মায়াবী। কাজের সুবাদে তাদের সাথে কথা বলার, তাদের বাড়িতে বসে খাবার খাওয়ার সুযোগ হয়েছে। শুটিং শেষে ফিরে আসার সময় তাদের মন খারাপ দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছিল।’
শুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাফা শোনান এক গা ছমছমে গল্প। যে বাংলোটিতে তারা অবস্থান করছিলেন, সেটি ছিল একটি নির্জন টিলার ওপর। যার চারপাশ জুড়ে কেবলই চা বাগান। তার কথায়, ‘গল্পের একটি সংলাপ ছিল যে- আশেপাশে ২০ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই। বাস্তবেও ঠিক তাই ছিল! গভীর রাতে যখন শেয়ালগুলো বাংলোর একদম কাছে এসে চিৎকার করত, তখন এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হতো।’
চা বাগানে প্রচলিত নানা ভৌতিক গল্পের সত্যতা নিয়ে জানতে চাইলে সাফা বেশ রহস্যময় উত্তর দেন। তিনি জানান, ‘চা গরম’-এ যা যা ঘটনা বা দৃশ্য দেখানো হয়েছে, তার সবই প্রায় বাস্তবধর্মী এবং যারা এটি দেখবেন, তারা সহজেই সেই ভয়ের সাথে নিজেদের মেলাতে পারবেন। তবে শেয়াল বা ভূতের চেয়েও সাফার বড় ভয় অন্য কিছুতে। উপস্থাপিকার প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্বীকার করেন তার ‘স্নেক ফোবিয়া’ বা সাপ ভীতির কথা। সাফা জানান, সাপের কথা শুনলেই তিনি বেশ অস্বস্তিবোধ করেন এবং এটিই তার কাছে সবচেয়ে ভয়ের বিষয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category