প্রভাত সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকাল থেকে রাত ৮টার মধ্যবর্তী সময়ে এসব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার সকালে তাদের ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়। এখন অনেকটা সুস্থ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার দুপুরে সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি খেতে দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থবোধ করতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের অবস্থার অবনতি হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এখন তারা সুস্থ আছেন।তিনি আরও বলেন, `ওই বিদ্যালয়ের খাবার সরবরাহ করেছিলো গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা। সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে দাবি করেন গ্রাম উন্নয়ন কর্মের (গাক) মাঠ কর্মকর্তা আতিক হাসান।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, ‘হাসপাতালে ১০ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল। নিম্নমানের অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।‘