• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline

ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফেনী : ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগে মোরশেদ আলম আদিব নামে এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে জানা গেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আদিব ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, আদিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নারী ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে এলে তারা তাকে হোস্টেল থেকে আটক করে কলেজ প্রশাসনকে খবর দেন। পরে কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। জিজ্ঞাসাবাদে আদিব অভিযোগের দায় স্বীকার করে সবার কাছে ক্ষমা চান। এরপর তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়।
ফেনী পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক রুবেল মোঘল বলেন, ঘটনার সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। খবর পেয়ে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি কলেজ শিক্ষকদের জানান। সহপাঠী মুশফিকুর রহমান বলেন, নারী সহপাঠীদের নিয়ে এমন অশালীন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি দাবি করেন, অভিযুক্ত আদিব ক্যাম্পাসে শিবিরের সক্রিয় কর্মী। তিনি তার বহিষ্কার দাবি করেন।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ রূপক কান্তি বলেন, অভিযুক্ত শিক্ষার্থী নারী শিক্ষার্থী ও অধ্যক্ষকে নিয়ে অশালীন মন্তব্য করে পোস্ট দিয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি আরও জানান, শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে আপাতত কোনও মামলা বা অভিযোগ করা হচ্ছে না। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার আসার পর তাঁকে তাদের জিম্মায় দেওয়া হবে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কলেজ প্রশাসনের সভা অনুষ্ঠিত হবে। সভায় তার বিরুদ্ধে কঠোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category