• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: নিটওয়্যার রপ্তানি বৃদ্ধি ও স্থানীয় মূল্য সংযোজন বাড়ার ফলে ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের নিট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১১.২০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ কোয়ার্টারলি রিভিউ অভ রেডিমেড গার্মেন্টস প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬.৭৭ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৬.০৯ বিলিয়ন ডলার। আর আগের প্রান্তিক, অর্থাৎ এপ্রিল-জুনে তা ছিল ৬.২৩ বিলিয়ন ডলার।
আলোচ্য প্রান্তিকে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৬.২৫ শতাংশ বেড়ে ১০.৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে দেশের মোট ১৩.০৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের ৮০.৭৯ শতাংশই এসেছে এই খাত থেকে, যা দেশের রপ্তানি অর্থনীতিতে তৈরি পোশাকের একক আধিপত্যকে আবারও স্পষ্ট করেছে।
রপ্তানিতে এই পুনরুদ্ধার এমন এক সময়ে ঘটল, যখন উৎপাদনকারীরা দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ হয়ে, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক চাহিদা ও বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন।
আমদানি করা কাঁচামালের অংশ কমে আসায় মোট রপ্তানির তুলনায় নিট রপ্তানি আয় দ্রুত বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পোশাক প্রস্তুতকারকরা ৩.৭৮ বিলিয়ন ডলারের কাঁচামাল আমদানি করেছেন, যা মোট রপ্তানি আয়ের ৩৫.৮০ শতাংশ। এর আগের প্রান্তিকে এই হার ছিল ৩৮.৩২ শতাংশ। এর ফলে স্থানীয় মূল্য সংযোজন বেড়ে দাঁড়িয়েছে ৬৪.২০ শতাংশ, যা ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে ছিল ৬১.৬৮ শতাংশ। আগের প্রান্তিকের তুলনায় নিট রপ্তানি আয় বেড়েছে ৮.৬৯ শতাংশ। এর অর্থ, রপ্তানি আয়ের একটি বড় অংশ এখন দেশের অর্থনীতিতেই থেকে যাচ্ছে।
রপ্তানি প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে নিট পোশাক এবারও এগিয়ে রয়েছে। সময়ে এ খাতের রপ্তানি দাঁড়িয়েছে ৫.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭.০২ শতাংশ এবং আগের প্রান্তিকের তুলনায় ৮.০৮ শতাংশ বেশি। মোট পোশাক রপ্তানির ৫৬.৩৭ শতাংশই এসেছে নিট পোশাক থেকে।
অন্যদিকে এ সময়ে ওভেন পোশাকের রপ্তানি দাঁড়িয়েছে ৪.৬০ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৫.২৭ শতাংশ বেশি হলেও আগের প্রান্তিকের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে—বৃদ্ধির হার মাত্র ০.০৫ শতাংশ। দুই খাতের এই ভিন্ন বলছে, নিটওয়্যার খাত জোরালো গতিতে এগোলেও ওভেন পোশাক প্রস্তুতকারকরা এখনো গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছেন।
বিটিএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, উৎপাদনকারীরা দীর্ঘদিন ধরেই বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। রপ্তানিকারকরা আশা করেছিলেন, নির্বাচনের পর ব্যবসার পরিবেশ ভালো হবে। কিন্তু টানা জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষে কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাতেম বলেন, প্রতিযোগী দেশগুলোর কাছে বাংলাদেশ ক্রয়াদেশ হারাতে পারে। শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটিতে তীব্র শ্রমিক অসন্তোষের সময় সেখান থেকে সরে আসা ক্রয়াদেশের সুফল পেয়েছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি সামাল দিতে না পারলে আমরা ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়তে পারি। কারণ ক্রেতারা তখন বাংলাদেশ থেকে ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবতে পারেন।’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, চলমান আন্দোলনে উৎপাদন মারাত্মক ব্যাহত হয়েছে। অসন্তোষ শুরুর পর থেকে প্রতিদিন গড়ে প্রায় ৭০টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। প্রধান শিল্পাঞ্চলগুলোতে একদিনে সর্বোচ্চ ৬৭৯টি কারখানা বন্ধ ছিল। মাহমুদ হাসান খান আরও বলেন, এই অসন্তোষ নেতিবাচক বার্তা দিচ্ছে এবং নতুন ক্রয়াদেশ কমছে। পরিচালন ব্যয় বাড়ায় উৎপাদনকারীদের মুনাফা কমছে এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় ক্রেতারা বিকল্প উৎস থেকে পণ্য কেনার কথা ভাবছেন।
আলোচ্য প্রান্তিকে যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা, ইতালি ও বেলজিয়ামেই রপ্তানি হয়েছে ৭.৬০ বিলিয়ন ডলারের পোশাক, যা মোট পোশাক রপ্তানি আয়ের ৭২.১১ শতাংশ। ফলে প্রধান এই বাজারগুলোর চাহিদা কিংবা বাণিজ্যনীতিতে পরিবর্তন এলে খাতটি বড় ধাক্কা খেতে পারে। বৈশ্বিক প্রতিযোগিতা তীব্র হচ্ছে। এর মধ্যে জ্বালানি সংকট, চড়া ঋণ ব্যয় ও লজিস্টিকসের সীমাবদ্ধতা চলমান পুনরুদ্ধারকে দুর্বল করে দিতে পারে।
২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় ছিল ৩৮.৯৭ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ০.৯৬ শতাংশ কম। প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শিল্পে স্থিতিশীলতা জোরদার করতে হবে, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং প্রতিযোগী দেশগুলোতে ক্রয়াদেশ চলে যাওয়া ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category