হাবিবুর রহমান, ডেমরা : রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাদক সম্রাটখ্যাত মো. মাসুদ রানা (৩৫) ওরফে কাইল্লা মাসুদকে গ্রেফতার করা হয়েছে| এ ঘটনায় ডেমরার আলোচিত রুবেল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তাপসকেও (৩৮) গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ| গত সোমবার (৩১ আগস্ট) দিবাগদ রাত আড়াইটার দিকে প্রথমে ডেমরা সেতুর ঢাল এলাকা থেকে তাপসকে গ্রেফতার করা হয়| পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাব এলাকার জনৈক জলিলের বাড়ি থেকে কাইল্লা মাসুদকে গ্রেফতার করা হয়| এ সময় তল্লাশি করে ওই সন্ত্রাসীদের হেফাজতে থাকা ২ টি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও ১ নলা সুটারগান ও ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করে পুলিশ| এদিকে গত ২৮ আগস্ট ভোর রাতে সারুলিয়ায় ডেমরা থানা বিএনপি’র আহবায়ক এস.এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তদন্তের পর পুলিশ এ অভিযান চালায়| মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান ছামি এসব তথ্য নিশ্চিত করেছেন| গ্রেফতার মাসুদ রানা ডেমরার বক্সনগর এলাকার মৃত শাহজাহান মিয়ার পালক ছেলে ও তাপস বড়ভাঙ্গা মহাকাশ রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে| সে এলাকায় পূর্বে যুবলীগের ক্যাডার হিসেবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল| আলোচিত রুবেল হত্যা মামলার সাজাপ্রাপ্ত এই তাপস ৫ আগস্ট পরবর্তীতে ছাত্র দলের আহবায়ক রানার মাধ্যমে বর্তমানে বিএনপির ক্যাডার হিসেবে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল| একই সঙ্গে গ্রেফতারা ডেমরা থানা এলাকায় অস্ত্রের দাপটে নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছিল|
এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ছাত্র দলের আহবায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে ঊর্ধতনদের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে| আর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে| এক্ষেত্রে রূপগঞ্জের বরাব এলাকার জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়| পরে ওই এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়|
উল্লেখ্য এর আগে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে| এ সময় ৪ টি মোটরসাইকেলে করে ৮ জন সন্ত্রাসী ওই বাড়ির সামনে গিয়ে ৩ রাউন্ড গুলি ছোড়েন| এতে বাড়ির দোতলার একটি জানালার কাচ ভেঙে যায়| ওই ঘটনায় ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছিল| ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে|