• শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

‘দেশের মানুষ আগের মতো সরল নেই’ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে দেশের একটি জেলায় কোনো কাজ ছাড়াই স্থানীয় সরকার বিভাগের সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়েছে—এই তথ্য উল্লেখ করে দেশের প্রকৌশলীদের এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, ‘চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে একটা বোধ সৃষ্টি হয়েছে। সেই বোধটি হচ্ছে, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা সেই পুরোনো ও ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না।’
এ ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য ও প্রয়োজনীয় বলে মন্তব্য করে তাঁদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই দেশের মানুষ এখন আগের মতো সরল নেই। তাঁরা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। এই দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করবে না। আজকে আমরা যদি ভুল করি, আমাদেরও ক্ষমা করবে না। সেই কারণে আমি অনুরোধ করব, আপনাদের প্রতি যেহেতু সারা দেশের মানুষের একটা প্রত্যাশা, ভরসা ও আস্থা আছে, সেটাকে আপনারা পালন করবেন।’
শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইইবি) এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে সংবর্ধনা ও সমাপনী শীর্ষক এ অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি।
আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সমবেত প্রকৌশলীদের মির্জা ফখরুল বলেন, ‘আমি এখন যে মন্ত্রণালয়ে কাজ করছি, এই মন্ত্রণালয়ের কাজটাই প্রকৌশলীদের নিয়ে। একদিকে স্থানীয় সরকার প্রকৌশল আছে, সেই সঙ্গে ওয়াসা আছে, জনস্বাস্থ্য প্রকৌশল আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের মিনিমাম রিকোয়ারমেন্টস (ন্যূনতম চাওয়া) যেগুলো, সেগুলোকে আপনারা পরিকল্পনা ও বাস্তবায়ন করেন এবং জনগণের উপকারের জন্য কাজ করেন। আপনাদের প্রতি জনগণের আগ্রহ অনেক, আকাঙ্ক্ষা অনেক, প্রত্যাশাও অনেক। আপনারা যে পরিকল্পনা ও কাজগুলো করবেন, সেই কাজগুলো যেন জনগণের সত্যিকার অর্থেই কাজে লাগে।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের খুব দুঃখ হয়, যখন পত্রিকায় দেখি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর, সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। সেটা এই স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিভাগ থেকেই হয়েছে। এই বিষয়গুলোকে আপনারা দয়া করে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন।’
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ছেলেরা রক্ত ও প্রাণ দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাঁদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দিই এবং আমাদের কারণে কখনো যেন সেটা ক্ষতিগ্রস্ত না হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিন।
যেসব প্রকৌশলী বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হয়েছেন, তাঁদের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন মো. আশরাফ উদ্দিন, মঈনুল ইসলাম খান, সানজিদা ইসলাম, মাহবুবা হাকিম ও মারদিয়া মমতাজ। গবেষণা ও প্রশিক্ষণে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পাওয়া প্রকৌশলী মোহাম্মদ আবদুল বাকীকেও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category