প্রভাত স্পোর্টস : রবার্তো মার্তিনেজের অধীনে বিশ্বকাপে প্রত্যেক ম্যাচের মূল একাদশে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো| পাঁচ ম্যাচে তিন গোল করলেও নিজের ছায়া হয়ে ছিলেন তিনি| স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে জানিয়ে দেন, এটাই তার শেষ বিশ্বকাপ| তবে জানাননি, জাতীয় দলের জার্সি আর পরবেন কি না!
রোনালদো একে তো ফর্মে নেই, তার ওপর ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বনিবনা না হওয়ার গুঞ্জনও উঠেছে| তাহলে কি তার পর্তুগাল ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে| ফর্মে না থেকেও মার্তিনেজের প্রিয়ভাজন হয়ে একাদশে নিয়মিত ছিলেন| স্পেনের কাছে শেষ ষোলোতে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তিনি বিদায় নিয়েছেন| নতুন কোচ হয়েছেন হোর্হে জেসুস| পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর সিআরসেভেনের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে দেরি করেননি|
আল নাসরের কোচ হওয়ার সুবাদে রোনালদোর সঙ্গে ভালো একটা বোঝাপড়া গড়ে উঠেছে জেসুসের| সেটা কাজে লাগাতে চান তিনিও| ৪১ বছর বয়সী ফরোয়ার্ড যদি খেলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তাকে দলে রাখবেন বললেন জেসুস| কখনোই তিনি দলের জন্য সমস্যা হবেন না জানিয়ে রাখলেন কোচ|
পরিচিত পর্বে জেসুস বললেন, ‘সে যতদিন খেলছে এবং খেলার মতো অবস্থায় থাকছে, ততদিন দলে জায়গা পাবে| আমি তাকে নেবো, তবে কিছু সীমার মধ্যে এবং জাতীয় দলের জন্য ভালো হয়, এমন কিছু শর্ত মেনে|’৭১ বছর বয়সী কোচ বলেন, এখনো রোনালদোর সঙ্গে তার কথা হয়নি| তবে সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদ তারকার ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন| জেসুস বলেন, ‘ক্রিসের সঙ্গে এখনো কথা হয়নি আমার| জাতীয় দলের জন্য সে কখনো সমস্যা হবে না| জাতীয় দল নয়, এমনকি আমার জন্যও নয়|’
রোনালদোর প্রশংসা করে তিনি বলে গেলেন, ‘ক্রিস পর্তুগিজ ফুটবলের একটা প্রতীক| সে জাতীয় দলের প্রতীক.. ইতিহাসের পাতায় তিনি সেটা আজীবন থাকবেন| অতীতে তার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছিলাম, তার সঙ্গে কাজ করা সহজ| আমরা দুজন দুজনের সঙ্গে বসতে যাচ্ছি, সে তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কী ভাবছে সেটা জানতে চাইব|’
জেসুস পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে আল নাসরে কাজ করেছেন| দলটিকে প্রথম সৌদি প্রো লিগ জেতানোর পর মে মাসে ক্লাব ছাড়েন তিনি| জেসুস যোগ করলেন, “আমি জানি (রোনালদো) আল নাসরে খেলে যেতে চায়| কারণ আপনারা জানেন, আমি তার সঙ্গে এক বছর ছিলাম| সে সবসময় বলত, ‘আমি আল নাসরে আমার ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি|’”জেসুস ২০৩০ বিশ্বকাপের শেষ পর্যন্ত চুক্তি করেছেন| ওইবার স্পেন ও মরক্কোর সঙ্গে পর্তুগালও যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে|