প্রভাত বিনোদন : নভেম্বরেই বিয়ে করছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী! তার আগে ‘প্রাক্তন’ রাজ চক্রবর্তীকে ঘিরে কোনও বিতর্কে জড়াতে চান না তিনি। আনন্দবাজারের ‘র্যা পিড ফায়ার’-এ এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। একসময় মিমি চক্রবর্তী ও রাজ চক্রবর্তীর সম্পর্ক ছিল টলিউডের অন্যতম ‘ওপেন সিক্রেট’। তবে সেই অধ্যায় এখন অতীত।
সম্প্রতি আনন্দবাজারের ‘র্যা পিড ফায়ার’-এর চিরকুট পর্বে মিমির সামনে উঠে আসে রাজের নাম। পরিচালক সম্পর্কে তার সংক্ষিপ্ত মন্তব্য, ‘ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার’। তবে রাজকে একটি গান উৎসর্গ করার প্রসঙ্গ উঠতেই অন্য সুর মিমির কণ্ঠে। অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘কেন? আমি কোনোরকম বিতর্কে জড়াতে চাই না।’ শুধু তা-ই নয়, মিমির সামনে আসে মন ভাঙার প্রসঙ্গও। একটি চিরকুটে লেখা ছিল, ‘মন ভাঙার পর’। জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনেই নেই। অনেক বছর আগে মন ভেঙেছিল, কেঁদেছিলাম হয়তো।’ এরপর মিমির জীবনের ‘ডিলিটেড পার্ট’ নিয়েও প্রশ্ন ওঠে। সে প্রসঙ্গে নায়িকার সাফ কথা, ‘ডিলিটেড পার্ট তো ডিলিটেড। সেটা মনে করে কী হবে।’
এদিকে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি দীর্ঘ প্রায় ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন। সিনেমার নাম ‘তাণ্ডব’। সেপ্টেম্বর মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। এর আগে রাজের ‘কাটমুণ্ডু’ ছবিতে শেষবার কাজ করেছিলেন মিমি। সেই সময়তেও সম্পর্কে ছিলেন তারা। ‘বোঝেনা সে বোঝেনা’ ও ‘যোদ্ধা’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন মিমি ও রাজ।
এছাড়া পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। তাতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা মিলবে মিমির। শরৎচন্দ্রের ‘পথের দাবি’ উপন্যাসের শতবর্ষ পূর্তি উপলক্ষে এটি তৈরি। এতে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। সৃজিতের পরিচালনায় এটিই মিমির প্রথম কাজ।