• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: মালয়েশিয়া সরকার সে দেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের হাজারো শরণার্থীকে দেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে। অথচ কয়েক দিন আগেই আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গোষ্ঠীনিধন বা জাতিগত হত্যা (জেনোসাইড) চালিয়েছে। মালয়েশিয়া সরকারও স্বীকার করেছে, তাদের দেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীরা নিজ দেশে জান্তা সরকারের ‘নৃশংসতার’ শিকার হয়েছে।
এরপরও কেন শরণার্থীদের ফেরত পাঠানো হচ্ছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শ মেনেই এ প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিজের পরামর্শ ছিল, নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের যেন ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন’ নিশ্চিত করা হয়। মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার নীতি থেকে তাঁর দেশ সরে আসেনি বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
আনোয়ার ইব্রাহিম জাতিসংঘের পরামর্শ মেনে প্রত্যাবাসনের কথা বললেও এর আগে সংস্থাটি সতর্ক করে বলেছিল, মিয়ানমারে ফেরত পাঠানো শরণার্থীদের বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
যাদের প্রত্যাবাসন করা হবে, তাদের মধ্যে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর কতজন রয়েছে, তা স্পষ্ট নয়। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। ২০১৭ সালে সামরিক বাহিনীর নৃশংস দমন-পীড়নের সময় তাদের অনেকেই দেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেয়।
প্রধানমন্ত্রী আনোয়ার স্বীকার করেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেকেই ‘মিয়ানমার সরকারের চালানো নৃশংসতার শিকার’। তবে তিনি এ–ও বলেন, ‘এসব শরণার্থীকে আশ্রয় দেওয়ার সামর্থ্য মালয়েশিয়ার আর নেই। তাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের যে আশা করা হয়েছিল, বাস্তবে তা–ও পূরণ হয়নি।’
মালয়েশিয়ায় মিয়ানমারের শরণার্থীদের উপস্থিতি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। অনেকের অভিযোগ, শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশটির জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। ফলে দেশটিতে অভিবাসীবিরোধী মনোভাবও বাড়ছে।
মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার বলেন, ডিসেম্বর মাসে নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এ ছাড়া উড়োজাহাজে করে পাঠানো হবে আরও ৫ হাজার ৩০৩ জনকে। এর ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।
গত সপ্তাহে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের পর গতকাল মালয়েশিয়া এ ঘোষণা দিল। রায়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার ‘জাতিগত নিধন’ চালিয়েছে। এর আগে আইসিজে কখনো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেননি। রোহিঙ্গাদের ওপর জেনোসাইড সংঘটনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় ৭ বছর পর রায় দেওয়া হলো। রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত সবচেয়ে গুরুতর অপরাধের বিচার কীভাবে হবে, তা নির্ধারণের ক্ষেত্রে এই মামলাকে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।
২০১৬-১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। তাদের অধিকাংশই ছিল মুসলিম। বাংলাদেশে আসার পর তারা নিজ দেশে গণহত্যা, নারী-পুরুষ ও শিশুকে হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দেয়।
আইসিজে বলেছেন, মিয়ানমারের ভেতর কিংবা বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের ‘নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন’ নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষকে অনুমতি দিতে হবে এবং এ কাজে সহযোগিতা করতে হবে।
গত সেপ্টেম্বরে বিতর্কিত প্রত্যাবাসন পরিকল্পনা শুরুর পর মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া।
সে সময় মালয়েশিয়া সরকার এক বিবৃতিতে বলেছিল, দেশটিতে আশ্রয় নেওয়া বিদেশি শরণার্থীদের ‘দীর্ঘদিনের সমস্যা’ সমাধানে এ প্রত্যাবাসন প্রয়োজন। সরকারের দাবি, এসব শরণার্থীর ৯৫ শতাংশই মিয়ানমারের নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়েছিল, ‘দীর্ঘদিনের এ সমস্যা দেশের ওপর বড় ধরনের আর্থিক বোঝা তৈরি করেছে, গুরুতর সামাজিক সংকটের জন্ম দিয়েছে এবং মালয়েশিয়ার জনগণের জন্য বাস্তব নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে।’
মিয়ানমারে মাঠপর্যায়ের পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে জাতিসংঘ ওই সময় মালয়েশিয়াকে এ প্রত্যাবাসন বন্ধের আহ্বান জানিয়েছিল। সংস্থাটি বলেছিল, কাউকেই মিয়ানমারে ফেরত পাঠানো উচিত নয়।
অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়া সরকার বলেছে, সম্প্রতি দেশে ফেরত পাঠানো কয়েক শ অভিবাসীকে সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখার খবরের বিষয়ে মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category