• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, যশোর: যশোরের অভয়নগরে আনিছুর রহমান (৬৭) নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। বুধবার (৬ মে) সন্ধ্যা উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তবে ব্যবসার কারণে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। নওয়াপাড়া বাজারের সার আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী নিহতের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম মিষ্টি ও স্যানিটারি মিস্ত্রি আলমগীর কবীর বলেন, বুধবার মাগরিবের নামাজের আগে আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে স্যারের সঙ্গে আমরা দুইজন কথা বলছিলাম। এ সময় পীরবাড়ির সন্তান শাহ্ মাহমুদের নেতৃত্বে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ যুবক আমাদের কাছে আসে এবং আনিছুর রহমানকে মার্কেটের ঘর তার কাছে কেনো ভাড়া দেওয়া হবে না এমন প্রশ্ন করে শাহ্ মাহমুদ গালিগালাজ শুরু করেন।
এক পর্যায়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখমণ্ডলে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে আনিছুর রহমানের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category