• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে নারী উদ্দ্যোক্তাকে মারপিটের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজবাড়ী: রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও লাঞ্ছিত করা ঘটনার মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল জলিল প্রামানিকের ছেলে মো. হেলালউদ্দিন (৩৮), রাজবাড়ী পৌরসভার মৃত জমজম খানের ছেলে মো. আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯)।
পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে আস্থা পোশাক শিল্পের মালিক জাকিয়া সুলতানা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানার প্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’-এর এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট ওই কর্মচারী কয়েকজন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এরই জেরে গত শনিবার (২৯ আগস্ট) রাজবাড়ী কাপড় বাজারে জাকিয়া ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে এক নারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা জাকিয়াকে কয়েকজন যুবক লাথি ও ঘুসি মারেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
ওসি উত্তম কুমার ঘোষ বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, রবিবার (৩০ আগস্ট) প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে এক নারীকে লাথি মারা সহ লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগে শনিবার (২৯ আগস্ট) দুপুরে ব্যাবসায়িক বিরোধের ধরে রাজবাড়ী কাপড় বাজার সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ ও সার্বিক বিষয় নিয়ে সোমবার (৩১ আগস্ট) দুপুরে দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেছেন রাজবাড়ী কাপড় বাজারের ব্যবসায়ীরা। এ সময় শনিবারের (২৯ আগস্ট) ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন ব্যাবসায়িক নেতারা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার খণ্ডিত ভিডিও প্রকাশ করার অভিযোগ করেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category