প্রভাত রিপোর্ট: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার (২৬ জুলাই) সকাল ১১টা ৩৮ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টা ৪২ মিনিটে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সকাল ১১টা ৪৬ মিনিটে তিনি মোটর শোভাযাত্রা নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণের প্রধান ফটকের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শনিবার থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। তবে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক ছিল, যার ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ঘিরে পুরা জিয়া উদ্যানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে উপস্থিতি থাকতে দেখা যায়। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। শারীরিক অসুস্থতাজনিত বিভিন্ন কারণ দেখিয়ে গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। ওই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।