• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

গবেষণার উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞান বাণিজ্যিকভাবে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণায় অর্থায়ন বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর কার্যালয় প্রতিষ্ঠা এবং স্টার্টআপ ইনকিউবেটর গড়ে তোলার পরিকল্পনা করছে সংস্থাটি। রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে (আইআইইউসি) তিন দিনব্যাপী ‘পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, গবেষণার পরিধি শুধু গবেষণাপত্র লেখা, পর্যালোচনা ও প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। গবেষণার ফলাফল বাস্তব জীবনের সমস্যা সমাধান, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে কাজে লাগাতে হবে। গবেষণার সাফল্যও শুধু প্রকাশনা বা উদ্ধৃতির সংখ্যা দিয়ে মূল্যায়ন করা উচিত নয়। নতুন প্রযুক্তি উদ্ভাবন, কার্যকর নমুনা প্রযুক্তি (প্রোটোটাইপ) তৈরি এবং মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়গুলোও মূল্যায়নের আওতায় আনতে হবে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রযুক্তি, সফটওয়্যার ও পরামর্শসেবার জন্য এখনো অনেকাংশে বিদেশের ওপর নির্ভরশীল। অথচ এসব সমস্যার দেশীয় সমাধান দেওয়ার সক্ষমতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের রয়েছে। চট্টগ্রাম বন্দরের সরবরাহব্যবস্থার স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, তৈরি পোশাক কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার দক্ষতা বাড়ানোর মতো ক্ষেত্রগুলোতে দেশীয় গবেষণার প্রয়োগের সুযোগ রয়েছে।
দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং আগামী পাঁচ বছরে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের কথা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, এসব লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, লাইট ইঞ্জিনিয়ারিং ও জীবপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশীয় সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য জাতীয় উদ্ভাবন নীতির দিকনির্দেশনা অনুসরণ এবং গবেষণা, শিল্প ও উদ্যোক্তা খাতের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।
আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসমত আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার ড. আজনি হাসিলিজান বিনতে আবি হালিম। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category