• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দীর্ঘদিনের প্রেমিক ম্যাক্স মোরান্দোকে বিয়ে করলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : দীর্ঘদিনের প্রেমিক ম্যাক্স মোরান্দোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ৩৩ বছর বয়সী এই গায়িকা। বর ম্যাক্স মোরান্দো ২৮ বছর বয়সী সংগীতশিল্পী ও ব্যান্ড লিলির ড্রামার। প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর নতুন জীবন শুরু করলেন তাঁরা। বিনোদনবিষয়ক সাময়িকী পিপল জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস উপস্থিত ছিলেন। সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো একটি খিলানের নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
বিয়ের আগের দিন শুক্রবার ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজের। মাইলির সৎবোন লিলি রোজ পারসেল সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের ছবি প্রকাশ করেন। নৈশভোজের মেন্যুতে লেখা ছিল ‘এম+এম’-মাইলি ও ম্যাক্সের নামের আদ্যক্ষর।
২০২৫ সালের ডিসেম্বরে মাইলি ও ম্যাক্সের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। তবে এর প্রায় এক বছর আগেই জাপানে এক ভ্রমণের সময় ম্যাক্স বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাইলিকে। চলতি বছরের জুলাইয়ে ওয়ান্ডারল্যান্ড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানান ম্যাক্স।
মাইলি ও ম্যাক্সের গন্তব্য ছিল টোকিও ও কিয়োটো। দুজনেরই দীর্ঘদিনের ইচ্ছা ছিল জাপানের এই শহরগুলো ঘুরে দেখার। ম্যাক্স জানান, মাইলি বাগ্‌দানের বিষয়ে কিছুটা আঁচ করতে পেরেছিলেন। তাই চমক ধরে রাখতে তাঁকে বেশ কৌশল অবলম্বন করতে হয়।
কিয়োটোর একটি হোটেলের বাগানে হাঁটার সময় সুযোগটি কাজে লাগান ম্যাক্স। এমন একটি জায়গায় মাইলিকে নিয়ে যান, যেখানে একটি ছোট কাঠের সেতু পেরিয়ে যেতে হতো। সেখানে যাওয়ার নিষেধাজ্ঞা থাকলেও কৌশলে মাইলিকে রাজি করান তিনি। একপর্যায়ে মাইলি যখন অন্যদিকে তাকিয়ে ভিডিও করছিলেন, তখন হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন ম্যাক্স।
প্রস্তাব দেওয়ার মুহূর্তে বেশ নার্ভাস ছিলেন বলেও জানিয়েছেন ম্যাক্স। তাঁর ভাষায়, হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল, ঘামছিলেন তিনি। আংটিটি হাত থেকে পড়ে যায় কি না, তা নিয়েও চিন্তিত ছিলেন।
অন্যদিকে অ্যাপল মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, বাগ্‌দানের আগেই তাঁর সন্দেহ হয়েছিল ম্যাক্সের কাছে আংটি রয়েছে। তাই মজা করে তাঁর শরীর তল্লাশিও করেছিলেন। কিন্তু আংটিটি খুঁজে পাননি। পরে জানতে পারেন, ম্যাক্স আংটিটি পকেটে এমন জায়গায় রেখেছিলেন, যেখানে মাইলির হাত পৌঁছায়নি।
মাইলি বলেন, জীবনের এই অধ্যায়টি তিনি সব সময় চেয়েছেন। অন্যরাও যেন তাঁর মতো ভালোবাসার মানুষ খুঁজে পান, সেই প্রত্যাশা করেন তিনি।
২০২১ সালে এক বন্ধুর মাধ্যমে ব্লাইন্ড ডেটে পরিচয় হয় মাইলি ও ম্যাক্সের। আগে থেকে ভালোভাবে না চিনেই তাঁরা প্রথম দেখা করেছিলেন। ২০২৩ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, প্রথম সাক্ষাৎটি তাঁর কাছে ছিল অনেকটাই অচেনা অভিজ্ঞতা। ভেবেছিলেন, ভালো না লাগলে সেখান থেকে চলে আসবেন।
২০২১ সালের নভেম্বরে লস অ্যাঞ্জেলেসে গুচির একটি ফ্যাশন শোতে তাঁদের একসঙ্গে দেখা যায়। ওই বছরের ডিসেম্বরে মাইলির নববর্ষের বিশেষ অনুষ্ঠানের নেপথ্যেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় দুজনকে। ২০২২ সালের এপ্রিলে ওয়েস্ট হলিউডে তাঁদের চুম্বনের ছবি প্রকাশের পর প্রেমের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়।
মাইলির সঙ্গে সংগীত নিয়েও কাজ করেছেন ম্যাক্স। মাইলির ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ ও ‘সামথিং বিউটিফুল’ অ্যালবামের কাজে সহযোগিতা করেছেন তিনি। প্রেমের পাশাপাশি সৃজনশীল কাজেও দুজনের এই বোঝাপড়া তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিয়ে হয়েছিল মাইলির। ২০১০ সালে ‘দ্য লাস্ট সং’ ছবিতে অভিনয়ের সময় তাঁদের পরিচয়। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন তাঁরা। তবে সংসার টেকেনি। ২০১৯ সালের আগস্টে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০২০ সালের জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার ম্যাক্স মোরান্দোর সঙ্গে নতুন সংসার শুরু করলেন ‘ফ্লাওয়ার্স’খ্যাত গায়িকা। বাগ্‌দান থেকে বিয়ে—পুরো সময়েই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার চেষ্টা করেছেন তাঁরা। মাইলির ভাষ্য অনুযায়ী, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনের কোন বিষয়গুলো প্রকাশ্যে আনবেন, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category