• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন আজ

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : কখনো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমার সাফল্য, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, আবার কখনো অভিনয়ের স্বীকৃতি—গত এক দশকে নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠক, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা—তাঁর পথচলাটাও ছিল অন্য রকম। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। তবে ক্যারিয়ারের ১০ বছর পূর্তির এই সময়ে তাঁকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। বেশ কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে এই অভিনেত্রী। এর মধ্যে জানিয়েছেন, দ্বিতীয়বার মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করলেও অভিনয়ে ফেরার বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি তিনি।
আজ ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। প্রতিবছর জন্মদিন ঘিরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা, নতুন কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা খবর সামনে আসে। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। জনসমক্ষে নেই, নতুন মাতৃত্ব এবং অভিনয়ে ফেরার অনিশ্চয়তা—সব মিলিয়ে জন্মদিনে বুবলীকে ঘিরে কৌতূহল অন্য রকম।
চলচ্চিত্রে আসার আগে বুবলীকে দর্শক চিনতেন সংবাদপাঠিকা হিসেবে। তারও আগে কাজ করেছেন উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে। পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সংবাদপাঠিকা হিসেবে যোগ দেন। ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি তাঁকে পরিচিতি দিয়েছিল। তবে চলচ্চিত্রে অভিনয়ের পরিকল্পনা তাঁর শুরুতে ছিল না। ২০১৬ সালে নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। বিপরীতে নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে।
একই ঈদে মুক্তি পায় তাঁদের অভিনীত ‘শুটার’। অভিনয়জীবনের শুরুতে দুটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এরপর ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বীর’সহ একের পর এক সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পর্দায় এই জুটির জনপ্রিয়তা তাঁকে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের আলোচনায় নিয়ে আসে।
শাকিব খানের সঙ্গে বুবলীর পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু থেকেই নানা গুঞ্জন ছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সন্তানের খবর প্রকাশ করেন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ। এরপর শাকিব-বুবলীর সম্পর্ক, পারিবারিক সমীকরণ, একসঙ্গে থাকা না–থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট কিংবা পরস্পরকে ঘিরে নানা বক্তব্য বারবার সংবাদ শিরোনাম হয়েছে। তাঁদের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন নিয়ে দর্শকের আগ্রহও কমেনি। কখনো অপু বিশ্বাসের সঙ্গে ভার্চ্যুয়াল বিতর্ক, কখনো শাকিব খানকে ঘিরে নানা বক্তব্য—সব মিলিয়ে বুবলীকে নিয়ে আলোচনার বড় অংশজুড়ে ছিল ব্যক্তিগত জীবন।
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পেলেও একটা সময় বুবলীর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিজের আলাদা অভিনয় পরিচয় তৈরি করা। শুধু জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় নয়, ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণের তাগিদ থেকেই অন্য নায়কদের সঙ্গে কাজ শুরু করেন তিনি।
নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’, আদর আজাদের সঙ্গে ‘লোকাল’, মাহফুজ আহমেদের বিপরীতে ‘প্রহেলিকা’, শরীফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ এবং সিয়াম আহমেদের বিপরীতে ‘টান’ ও ‘জংলি’তে অভিনয় করেন বুবলী। এসব সিনেমায় চরিত্রের ধরনেও এসেছে বৈচিত্র্য। বিশেষ করে ‘প্রহেলিকা’য় অর্পা চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘প্রহেলিকা’, ‘টান’ ও ‘দেয়ালের দেশ’ তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজ হিসেবে আলাদা করে বলা যায়।
বুবলীর ১০ বছরের অভিনয়জীবনে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। কখনো অভিনয়ের ধরন, কখনো চরিত্র নির্বাচন, আবার কখনো ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া আলোচনা অনেক সময় অভিনয়ের খবরকেও ছাপিয়ে গেছে। তবে এসবের মধ্যেও কাজ চালিয়ে গেছেন। বাণিজ্যিক ছবির বাইরে ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছেন। নিজের অভিনয়ের পরিসর বাড়ানোর পাশাপাশি প্রযোজনার বিষয়েও আগ্রহী হয়েছেন।
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’তে চিকিৎসক তিথি চরিত্রে অভিনয় করেন বুবলী। ২০২৬ সালে তাঁর অভিনীত কাজের তালিকায় রয়েছে ‘প্রেশার কুকার’সহ কয়েকটি সিনেমা। ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’-এর প্রচার-প্রচারণায় অবশ্য তাঁকে দেখা যায়নি। ফলে সিনেমা মুক্তি পেলেও দর্শকের সামনে অনুপস্থিত ছিলেন তিনি।
বুবলীর আড়ালে থাকার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছেলে শেহজাদ খান বীরের জন্মের খবরও দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি তিনি। ২০২২ সালে বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর বিষয়টি সামনে আসে। এবারও বেশ কয়েক মাস ধরে শুটিং, চলচ্চিত্রের প্রচার-প্রচারণা ও বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ছিল না।
এর মধ্যে গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানান বুবলী। তাঁর দেওয়া তথ্যমতে, ১১ মে জন্ম হয়েছে মেয়ের। মেয়ের নাম রেখেছেন শারলিন খান। কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পরও নিয়মিতভাবে জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর উপস্থিতি কম। দুদিন আগে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর জানান। তার ঠিক আগে কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় দেখা গেছে তাঁকে। সেখানে আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন দুজন। দীর্ঘ বিরতির পর এটি তাঁর জনসমক্ষে ফেরার একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
বুবলীর অভিনয়ে ফেরার সময় নিয়ে চলচ্চিত্র অঙ্গনে কৌতূহল রয়েছে। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে তাঁর শুটিংয়ে ফেরার কথা শোনা গেলেও পরিকল্পনায় পরিবর্তন এসেছে। পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নতুন সিনেমার বিষয়ে একাধিক পরিচালকের সঙ্গে তাঁর কথাবার্তা চলছে বলেও জানা গেছে। তবে নতুন কোনো সিনেমা কিংবা নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে বুবলীর নিজের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category