• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

‘ধুরন্ধর’–এর জন্য প্রায় ৩২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে আলোচনায় রণবীর সিং

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডপাড়ায় তারকাদের পারিশ্রমিক সব সময় আলোচনায় উঠে আসে। বলিউডে একসময় কোনো অভিনেতার ১০ কোটি রুপি পারিশ্রমিকই ছিল চমকে দেয়ার মতো। নব্বইয়ের দশকে প্রথম এক কোটি রুপি পারিশ্রমিকের মাইলফলক স্পর্শ করেছিলেন চিরঞ্জীবী, কমল হাসান ও শ্রীদেবী। এরপর শাহরুখ খান, সালমান খান ও আমির খানের পারিশ্রমিকের বাজারে নতুন হিসাব–নিকাশ শুরু হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ ভারতীয় তারকারা সেই দৌড়ে অনেকটাই এগিয়ে যান। এবার তাঁদেরও ছাড়িয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউড অভিনেতা রণবীর সিং।
বিভিন্ন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীর সিং তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’–এর জন্য প্রায় ৩২৫ কোটি রুপি আয় করেছেন। এই অঙ্কই তাঁকে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। তবে পারিশ্রমিকের এই অঙ্ক নিয়ে এখনো রণবীর বা ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ধুরন্ধর-এর জন্য রণবীর প্রচলিত অর্থে নির্দিষ্ট পারিশ্রমিক নেননি; বরং তিনি ছবির লাভের অংশীদার হন। ছবির বাজেট বেড়ে যাওয়ায় রণবীর নিজেও বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। ফলে বক্স অফিস, ডিজিটাল, স্যাটেলাইট, সংগীতস্বত্বসহ বিভিন্ন উৎস থেকে আসা আয়ের একটি বড় অংশ তাঁর ঝুলিতে যায়। সব মিলিয়ে তাঁর আয় প্রায় ৩২৫ কোটি রুপিতে পৌঁছেছে বলে বাণিজ্যিক বিশ্লেষকদের ধারণা।
বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমির দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি লাভের অংশীদারত্বের মডেলে কাজ করে আসছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ ও ‘জওয়ান’থেকে শাহরুখ খান প্রায় ২০০ কোটি রুপি করে আয় করেছিলেন বলে বিভিন্ন ট্রেড রিপোর্টে দাবি করা হয়। অন্যদিকে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’সহ একাধিক ছবিতে লাভের অংশীদারত্বের কারণে সালমান খানের আয়ও ১৫০ থেকে ২০০ কোটির বেশি হয়েছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল। ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবির ক্ষেত্রেও একই মডেলে শতকোটি রুপির বেশি আয় করেছিলেন আমির খান।
এদিকে দক্ষিণ ভারতীয় তারকারাও পারিশ্রমিকের দৌড়ে কম যান না। ‘জেলার’ ছবির জন্য রজনীকান্ত প্রায় ২৫০ কোটি রুপি, ‘পুষ্পা ২’-এর জন্য আল্লু অর্জুন ২০০ কোটির বেশি এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-র জন্য প্রভাসও ২০০ কোটির বেশি আয় করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সেই সব অঙ্ককে ছাড়িয়ে রণবীরের ৩২৫ কোটি রুপি এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রণবীর সিংয়ের ক্যারিয়ারে গত কয়েক বছর খুব একটা সুখকর ছিল না। ‘সার্কাস’এবং ‘জয়েশভাই জোরদার’-এর মতো ছবি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ‘ধুরন্ধর’ তাঁকে আবারও শীর্ষ সারির তারকাদের আলোচনায় ফিরিয়ে এনেছে। বাণিজ্যিক মহলের ধারণা, এই ছবির সাফল্য তাঁর ক্যারিয়ারে নতুন মোড় এনে দিতে পারে।
তবে ৩২৫ কোটি রুপির পারিশ্রমিকের দাবিটি এখনো ট্রেড রিপোর্টভিত্তিক। রণবীর সিং বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category