• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি: মার্কিন রাষ্ট্রদূত

ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক রয়েছেন কি না, তা বোঝার উপায় নেই। রোগীরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। হাসপাতালজুড়ে দালালের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকা এবং দায়িত্ব অবহেলার অভিযোগও রয়েছে। হাসপাতালটির জরুরি বিভাগসহ স্বাস্থ্যসেবার বেহাল দশা সরেজমিনে প্রত্যক্ষ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের একটি দল আকস্মিকভাবে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শন করে। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা নিয়ে নানা অভিযোগ শোনেন তারা।
পরিদর্শনকালে দুদক চেয়ারম্যানের সঙ্গে ছিলেন কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, দুদক সচিব মো. সাইদুর রহমান খান এবং কমিশনের বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারা। তারা জরুরি বিভাগের পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ ঘুরে দেখেন এবং সেখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও ভোগান্তির কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য রয়েছে। অনেক সময় চিকিৎসকদের পাওয়া যায় না। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। চিকিৎসাসেবা পেতে গিয়ে অবহেলা ও নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।
এ সময় স্বজনদের একজন আকলিমা খাতুন তার অসুস্থ স্বামী বাবুল আকতারের চিকিৎসা নিয়ে ভোগান্তির কথা জানান। তার অভিযোগ, এক সপ্তাহ ধরে হাসপাতালে ঘুরেও প্রয়োজনীয় সেবা পাননি তারা। টাকা ছাড়া সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রোগী ও স্বজনদের অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান, কমিশনাররা এবং দুদক সচিব হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এ সময় হাসপাতালের পরিচালক অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তিনি বলেন, ‘চিকিৎসাসেবাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে জনসেবা নিশ্চিত করতে দুদকের অভিযান ও পরিদর্শন অব্যাহত থাকবে। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের এ আকস্মিক পরিদর্শনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সেবার মান, চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো নতুন করে সামনে এসেছে। ভবিষ্যতেও দুদকের এমন অভিযান অব্যাহত বলেন মনে করেন রোগী ও রোগীর সঙ্গে থাকা আত্মীয়-স্বজনরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category