প্রভাত রিপোর্ট: নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য নিউজিল্যান্ডের হাইকমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। রবিবার প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য বৈঠক করেন। বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী হাইকমিশনারের নেতৃত্বে নিউজিল্যান্ডের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান।
খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য নিউজিল্যান্ডের হাইকমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য বর্ধিত হারে আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি উল্লেখ করেন, এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়াও তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং তাদের জন্য আরও বেশি শিক্ষা ও গবেষণাবিষয়ক সুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় নিউজিল্যান্ডের হাইকমিশনার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। পাশাপাশি তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের কথা উল্লেখ করে তাদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানের প্রশংসা করেন। সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের কাউন্সিল (এগ্রিকালচার) মেলানি ফিলিপস, অনারারি কাউন্সিল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস