প্রভাত স্পোর্টস: আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। টুর্নামেন্টের আগে সোমবার অনুষ্ঠিত হয় নিলাম। পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন দেশের ২৮১ জন ক্রিকেটার।
নিলাম মানেই অর্থের ঝনঝনানি। যে দলের পকেটে যত টাকা থাকে, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তত সুযোগ থাকে। পছন্দের ক্রিকেটারকেও দলে ভেড়ানো সহজ হয়। তবে বিসিবির নতুন এই টুর্নামেন্টে থাকছে না এই রীতি। ডি থ্রি টুর্নামেন্টে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হচ্ছে টাকার বদলে পয়েন্টে।
নিলামের প্রথম ডাকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে বিক্রি হন শেখ মেহেদী হাসান। লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে এইস ব্লুস্টার। দেড় কোটিতে মেহেদীকে দলে নিয়েছে তারা। ওপেনার সৌম্য সরকারের জন্য লড়াই করেছে ওয়ালটন ও ফরচুন। যদিও শেষ পর্যন্ত ৭৫ লাখে বাঁ-হাতি ওপেনারকে দলে নিয়েছে ফরচুন।
ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। তবুও দল পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।
নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ। ১ কোটি ৬০ লাখে তাকে নিয়েছে দলটি। এ ছাড়া মুস্তাফিজুর রহমানও পেয়েছেন বিগ ব্যাশ খেলার অনুমতি। যে কারণে তার দরও কিছুটা কম ছিল অনুমিতভাবেই। ৭০ লাখে তাকে দলে ভিড়িয়েছে সেভেস রিংস। এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় তানজিদ হাসান তামিম। ২ কোটিতে তাকে দলে নিয়েছে ফরচুন।
প্রসঙ্গত, টুর্নামেন্টের ৬টি দল –অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক এবং ব্লুস্টার। নিলামে সব মিলিয়ে আছেন ২৮১ ক্রিকেটার, এর মধ্যে ২৭৫ জনকে নিয়ে নিলাম হচ্ছে, ৬ জন ক্রিকেটার আইকন ক্রিকেটার হিসেবে ইতোমধ্যে দল পেয়ে গেছেন। নুরুল হাসান সোহান ব্লুস্টার, তাওহীদ হৃদয় ফরচুন, মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাকমি, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেনস ব্যাংক, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট এবং মেহেদী হাসান মিরাজ খেলবেন ওয়ালটনে।