প্রভাত রিপোর্ট: এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি শুধু পরিসংখ্যানগত লক্ষ্যমাত্রা নয়, বরং দেশের কর্মসংস্থান পরিস্থিতি পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং বাজেট বরাদ্দের মধ্যে সমন্বয় করতে হবে। রবিবার (২৯ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-২ সম্মেলনকক্ষে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই প্রশিক্ষণের আয়োজন করে।
উন্নয়ন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে চারটি মানদণ্ড অনুসরণের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে মুনাফা, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত বিষয় বিবেচনা করতে হবে। সরকারি অর্থ ব্যয়ের আগে প্রকল্পের অর্থনৈতিক সুফল ও কর্মসংস্থানের সুযোগ যাচাই করতে হবে।
পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার একা সব কাজ করতে পারবে না। আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে প্রয়োজন অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করতে হবে।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু বলেন, সরকার এখন পুনরুদ্ধার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পর্যায়ে রয়েছে। জ্বালানি তেল, গ্যাস, সারসহ বিভিন্ন পণ্য বেশি দামে আমদানি করতে হচ্ছে। এতে সরকারের কোষাগারে চাপ তৈরি হচ্ছে। এ কারণে আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।
অর্থমন্ত্রী জানান, পাঁচ বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম বছর অত্যন্ত কঠিন হবে। দ্বিতীয় ও তৃতীয় বছরেও বিভিন্ন চ্যালেঞ্জ থাকবে। তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হবে। তখন আর অর্থনৈতিক পুনরুদ্ধার বা স্থিতিশীলতা ফিরিয়ে আনার অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না।
পাঁচ বছরের কৌশলগত কাঠামো কোনো আকস্মিক পরিকল্পনা নয় জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি তৈরি হয়েছে। ২০১৬ সালে বিএনপির ভিশন ২০৩০ প্রণয়নের মধ্য দিয়ে এই পরিকল্পনার চিন্তাগত ভিত্তি তৈরি হয়েছিল। পরে ২৭ দফা এবং আন্দোলনের শরিকদের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়ন করা হয়। এসব উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান পাঁচ বছরের কৌশলগত কাঠামো তৈরি হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই কাঠামো শুধু একটি রোডম্যাপ নয়, বরং নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর কৌশলও এতে রয়েছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে হবে। কোথায় ঘাটতি রয়েছে, কী ধরনের বাধা আসতে পারে ও কোন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় প্রয়োজন, তা আগে থেকেই চিহ্নিত করতে হবে। বাস্তবায়নের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এটি অনির্দিষ্ট সময়ের কোনো কর্মসূচি হতে পারে না।
ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এই খাতের বড় ধরনের দায় ও সমস্যা কাটিয়ে উঠতে সময় লাগবে। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা সরকারের প্রথম অগ্রাধিকার। আমানতকারীরা তাদের অর্থ সুদসহ ফেরত পাবেন, কোনো অর্থ কেটে রাখা হবে না। ব্যাংক খাতে আস্থা ফেরার ইতিবাচক লক্ষণ হিসেবে নিট আমানত বাড়ার কথাও জানান তিনি। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সংস্কার ও নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার পর পৃথক মূল্যায়নের মাধ্যমে প্রকৃত সুফল যাচাই এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রভাবমুক্ত থেকে সঠিক তথ্য প্রকাশের নির্দেশনার কথাও জানান তিনি।