মো:বাবুল শেখ, পিরোজপুর : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং দেশ গঠনে ও গণতন্ত্র পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের অসামান্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।
মিলাদ শেষে বিশেষ মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শত কষ্ট ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণকারী তাঁদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি এসকল আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাঁর সহধর্মিণী ও সন্তানের সুস্বাস্থ্য এবং দেশকে সফলভাবে পরিচালনার তৌফিক কামনা করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। পাশাপাশি, যারা দেশে সন্ত্রাসবাদ ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নাশকতা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার পাঁয়তারা করছে, তাদের হাত থেকে দেশ ও জাতির মুক্তির জন্য দোয়া করা হয়। পরিশেষে, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে প্রতিষ্ঠানের মুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত সম্পন্ন হয়।
কুরআন খতম ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।