• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চড়া ব্যয় ও সরবরাহে অনিশ্চয়তার কারণে বিদ্যুৎ উৎপাদনে ক্রমেই গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ। তুলনামূলক সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে দিন দিন বাড়ছে কয়লার ব্যবহার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে কয়লার অংশ ২০২১-২২ অর্থবছরে ছিল ৬.২৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬.৭২ শতাংশে। অর্থাৎ চার বছরে এই অংশ বেড়েছে ৩২৮.২১ শতাংশ। সাম্প্রতিক মাসগুলোতে এই পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে। সর্বোচ্চ চাহিদার (পিক ডিমান্ড) বেশ কয়েকটি দিনে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে ছাড়িয়ে গেছে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য বলছে, ৩ অক্টোবর সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় মোট উৎপাদনের ৩৬ শতাংশ এসেছে কয়লা থেকে, আর গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে এসেছে ৩৪ শতাংশ। পরদিনও কয়লা এগিয়ে ছিল। সেদিন বিদ্যুৎ উৎপাদনে কয়লার অংশ ছিল ৩৫ শতাংশ, গ্যাসের ৩৩ শতাংশ। ৫ অক্টোবর গ্যাস সামান্য ব্যবধানে আবার এগিয়ে যায়। ওইদিন সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় ৩৫ শতাংশ গ্যাস থেকে ও কয়লা থেকে ৩৩ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়। এছাড়া হেভি ফুয়েল অয়েল (এইচএফও) থেকে এসেছে ১৯ শতাংশ, আর ভারত থেকে আমদানি করা বিদ্যুতের অংশ ছিল ১০ শতাংশ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতার মধ্যে কয়লা একটি স্থিতিশীল প্রাথমিক জ্বালানি হিসেবে আবির্ভূত হয়েছে।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভবিষ্যতের বিদ্যুৎ উৎপাদনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্য জ্বালানির তুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ তুলনামূলক সস্তা। আগামী গ্রীষ্মের চাহিদা মেটাতে আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা করছি। পর্যাপ্ত কয়লা আমদানির উদ্যোগও এরইমধ্যে নেয়া হয়েছে।’
বিপিডিবির তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মোট বিদ্যুৎ উৎপাদনের ৫৫.০৬ শতাংশ এসেছিল গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে। এই অংশ ২০২২-২৩ অর্থবছরে কমে ৫২.০২ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৪৮.৫২ শতাংশ ও ২০২৪-২৫ অর্থবছরে ৪৪.০৮ শতাংশে নেমে এসেছে। এই সময়ে কয়লার অংশ ৬.২৪ শতাংশ থেকে বেড়ে ২০২২-২৩ অর্থবছরে ১১.৪০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ১৯.৯৪ শতাংশ ও ২০২৪-২৫ অর্থবছরে ২৬.৭২ শতাংশে পৌঁছেছে। এই বৃদ্ধির সময়েই পায়রা, রামপাল, মাতারবাড়ী, এসএস পাওয়ার ও পটুয়াখালীর মতো বেশ কয়েকটি বড় বেসলোড কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসে।
২০২৩ সালে বাংলাদেশ ভারতের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ১,৪৯৬ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্র থেকেও বিদ্যুৎ আমদানি শুরু করে। এতে দেশের বিদ্যুৎ সরবরাহে কয়লাভিত্তিক আরেকটি বড় উৎস যুক্ত হয়। গোড্ডাসহ ছয়টি প্রধান কয়লাবিদ্যুৎকেন্দ্রের মোট নির্ভরযোগ্য সক্ষমতা (ডিপেন্ডেবল ক্যাপাসিটি) প্রায় ৭ হাজার ৫১৮.৬ মেগাওয়াট। এর মধ্যে এসএস পাওয়ারের ১ হাজার ২২৪ মেগাওয়াট, মাতারবাড়ীর ১ হাজার ১৫০ মেগাওয়াট, রামপালের ১ হাজার ২৩৪ মেগাওয়াট, পটুয়াখালীর ১ হাজার ১৭০.৬ মেগাওয়াট, পায়রার ১ হাজার ২৪৪ মেগাওয়াট ও আদানি পাওয়ারের ১ হাজার ৪৯৬ মেগাওয়াট।
তুলনামূলক অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প উৎপাদনে আসায় দেশের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি-মিশ্রণে মৌলিক পরিবর্তন এসেছে। পায়রর ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট ২০২০ ও ২০২১ সালে বাণিজ্যিক উৎপাদনে আসে। রামপালের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট চালু হয় ২০২২ সালের ডিসেম্বরে, আর দ্বিতীয় ইউনিট চালু হয় ২০২৩ সালে। এসএস পাওয়ারের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট ২০২৩ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এরপর মাতারবাড়ীর ৬০০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু করা হয়। ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৫ সালের জানুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে।
আদানি পাওয়ারের ১,৪৯৬ মেগাওয়াটের গোড্ডা কেন্দ্র ২০২৩ সাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। সে বছরের এপ্রিল ও জুনে কেন্দ্রটির দুটি ইউনিট চালু হয়। এসব কেন্দ্রের প্রত্যাশিত আয়ুষ্কাল ২২ থেকে ২৫ বছর। এর অর্থ, আগামী কয়েক দশক বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে কয়লা গুরুত্বপূর্ণ জায়গা ধরে রাখবে।
বিপিডিবির আগস্ট মাসের তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুৎকেন্দ্র রয়েছে ১৩৬টি, যেগুলোর মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৩৪৭ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা ১১ হাজার ৭০৪ মেগাওয়াট বা মোট সক্ষমতার প্রায় ৪১ শতাংশ। আর দেশে স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৬ হাজার ৫০৯ মেগাওয়াট বা মোট সক্ষমতার প্রায় ২৩ শতাংশ। আদানি পাওয়ারসহ ছয়টি প্রধান কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বাংলাদেশ ৭ হাজার ৫১৮.৬ মেগাওয়াট নির্ভরযোগ্য সক্ষমতা পাচ্ছে।
বিদ্যুৎ উৎপাদনে কয়লার অংশীদারত্ব বৃদ্ধি পেছনে কেবল নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়াই একমাত্র কারণ নয়। দেশের বহু গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত জ্বালানি সরবরাহে গ্যাস ব্যবস্থার ব্যর্থতাও এর পেছনে বড় ভূমিকা রেখেছে। একদিকে দেশীয় গ্যাসের উৎপাদন কমেছে, অন্যদিকে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সার কারখানা, ক্যাপটিভ জেনারেটর, সিএনজি স্টেশনসহ অন্যান্য খাতে গ্যাসের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে।
সরকারের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, দেশে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতির কারণে সরকারকে বিভিন্ন খাতের মধ্যে গ্যাস রেশনিং করতে হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদনেই বিপুল পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ৫০ শতাংশের কম লোড ফ্যাক্টরেও গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে প্রায় ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে দৈনিক অন্তত ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।
শিল্পকারখানা, সার কারখানা ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত গ্রাহকের দিকে গ্যাস সরিয়ে নিলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে উৎপাদন কমাতে হয়। ফলে শিল্পে গ্যাস দেওয়া আর বিদ্যুৎ উৎপাদনে তা ব্যবহারের মধ্যে সরাসরি টানাপোড়েন তৈরি হচ্ছে।
দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়ার ঘাটতি পূরণে বাংলাদেশ ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করে। তবে আমদানিকৃত গ্যাসের বড় অংশের জন্য দেশ এখনো মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ওপর নির্ভরশীল। এই সরবরাহ ব্যবস্থায় বারবার বিঘ্ন ঘটেছে। ২১ জুলাই এক্সিলারেট এনার্জির একটি এফএসআরইউতে আগুন লেগে এলএনজি সরবরাহ ব্যাহত হয়। এতে দৈনিক কয়েকশো মিলিয়ন ঘনফুট পুনঃগ্যাসীকরণ সক্ষমতা হারাতে হয়, যার প্রভাব পড়ে বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার গ্যাসপ্রাপ্তিতে। পরে গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর মোট সরবরাহ দাঁড়ায় দৈনিক ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে আসে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৯৯০ মিলিয়ন ঘনফুট। তবে এই পুনরুদ্ধারে গ্যাস সরবরাহের কাঠামোগত সমস্যার সমাধান হয়নি।
ভূরাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে চড়া মূল্যের কারণেও বাংলাদেশের এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে। কাতারের এলএনজি সরবরাহে বিঘ্ন এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় পেট্রোবাংলাকে স্পট মার্কেট অনেক বেশি দামে বাড়তি কার্গো কিনতে হয়েছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কয়লার তুলনায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে, বিশেষ করে যখন গ্যাস পাওয়া নিয়েই অনিশ্চয়তা রয়ে গেছে।
বাংলাদেশের বিদ্যুৎ খাতের মূল বিষয় এখন কেবল গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রের স্থাপিত সক্ষমতার তুলনা নয়। বরং কোন জ্বালানি সাশ্রয়ী ও অনুমানযোগ্য দামে নিশ্চিতভাবে পাওয়া যাবে, সেটিই বড় হয়ে উঠছে। কয়লাভিত্তিক বেসলোড কেন্দ্রগুলো সাধারণত দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ চুক্তি ও মজুতের সুবিধা পায়। ফলে দেশীয় গ্যাসের দৈনিক প্রাপ্যতা বা এলএনজি কার্গো পৌঁছানোর ওপর নির্ভর না করেই এসব কেন্দ্র দীর্ঘ সময় চালু রাখা যায়। অন্যদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ইউনিট কারিগরিভাবে প্রস্তুত থাকলেও পর্যাপ্ত গ্যাস না পেলে সেগুলো অলস বসে থাকে বা সক্ষমতার চেয়ে কম উৎপাদন করে। সাম্প্রতিক এলএনজি সরবরাহ বিঘ্ন এই দুর্বলতাকে আরও প্রকট করে তুলেছে। এতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কয়লার ওপর নির্ভরতা বাড়ানোর যুক্তি আরও জোরালো হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের সিস্টেম-অপারেশন তথ্যেও উৎপাদনের এই বদলে যাওয়া ধরন দেখা যায়। আগস্টে আমদানি বাদে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৯ হাজার ১১১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। এর মধ্যে কয়লাভিত্তিক কেন্দ্র উৎপাদন করেছে ৩ হাজার ৮৫৪.২৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, আর গ্যাসভিত্তিক কেন্দ্র করেছে ৩ হাজার ৪৬১.০৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। জুলাইয়েও কয়লা এগিয়ে ছিল। ওই মাসে কয়লা থেকে উৎপাদন হয়েছে ৩ হাজার ৯২০.২১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ, গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন হয়েছে ৩ হাজার ৬৫৯.১৫ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।
জুনে গ্যাস এগিয়ে ছিল। ওই মাসে গ্যাস থেকে উৎপাদন হয়েছে ৩ হাজার ৭৪৫.৮৬ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, কয়লা থেকে ৩ হাজার ৫৫০.১৪ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। মে মাসে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ৯৩৫.৫৯ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, আর কয়লা থেকে ৩ হাজার ১৬৬.১০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। আগের মাসগুলোতে এই ব্যবধান ছিল আরও বেশি। এপ্রিলে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৩ হাজার ৬৮০.৮২ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, কয়লা থেকে ২ হাজার ৮১৭.০৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। গ্যাস ও কয়লা থেকে উৎপাদন ছিল মার্চে যথাক্রমে ৩ হাজার ৫৪৮.১৮ কিলোওয়াট-ঘণ্টা ও ২ হাজার ৬২৪.৯৬ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, ফেব্রুয়ারিতে ৩ হাজার ২৫.২৫ কিলোওয়াট-ঘণ্টা ও ২ হাজার ১৭৫.৬১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা এবং জানুয়ারিতে ২ হাজার ৯০৮.১৪ কিলোওয়াট-ঘণ্টা ও ২ হাজার ৪১১.৮০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। মাসিক এই পরিসংখ্যান বলছে, কয়লার এগিয়ে যাওয়া এখনো স্থায়ী হয়নি। তবে গ্যাসপ্রাপ্তি যত অনিশ্চিত হচ্ছে, ভারসাম্য ততই কয়লার দিকে ঝুঁকে পড়ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category