• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ

স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে মো. নুরুল আবসার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। বিবাহ কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; বরং এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে আসামি মো. নুরুল আবসার তার স্ত্রী মোছা. খবিরুন নেছাকে হত্যা করেছেন। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে নিহতের শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিপার্শ্বিক পরিস্থিতি ও সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিচারক আরও বলেন, “স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। বিবাহ কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; বরং এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে তার ওপর নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। একজন স্ত্রীও স্বতন্ত্র মানুষ। তার নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রয়েছে।”তিনি বলেন, “দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা রয়েছে, কিন্তু সহিংসতার কোনো বৈধতা নেই। ক্রোধের মুহূর্তে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবন কেড়ে নেয় না, বরং সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে।”
বিচারক আরও বলেন, “সমাজকে উপলব্ধি করতে হবে, স্ত্রী স্বামীর সম্পত্তি নন; তিনি একজন স্বতন্ত্র মানুষ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।”
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে নুরুল আবসারের সঙ্গে খবিরুন নেছার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসায় ফিরে আসেন খবিরুন নেছা। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আবসার তাকে মারধর করে বাসা থেকে চলে যান। ওই দিন দুপুরের দিকে ভাড়াটিয়ারা খবিরুন নেছাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. জুব্বার বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম। একই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারকালে মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category