• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ

বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অনিয়মিতভাবে প্রবেশের ক্ষেত্রে টানা দুই বছর ধরে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সম্মুখসারিতে লড়াইয়ের জন্য বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার ঘটনায় তীব্র বিস্ময় প্রকাশ করে তা ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।
অভিবাসন খাতে এই উদ্বেগের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও রোহিঙ্গা সংকট সমাধানসহ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কৌশলগত ও অংশীদারত্বমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার বিস্তারিত রূপরেখা তুলে ধরেছেন রাষ্ট্রদূত।
ইইউ রাষ্ট্রদূত জানান, গত বছর ও চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত সীমান্ত অতিক্রম ও প্রবেশের তালিকায় বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। বিষয়টি এতটাই গুরুত্ব পাচ্ছে যে, আগামী ডিসেম্বরের শুরুতে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের অভিবাসন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
মাইকেল মিলা বলেন, অনেকেই ওমরাহ ভিসার অপব্যবহার বা কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাচারকারী ও দালালদের খপ্পরে পড়ে অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন এবং শোষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দালাল-মধ্যস্বত্বভোগীদের কঠোর নিয়ন্ত্রণ ও অসাধু রিক্রুটিং এজেন্সিগুলো বন্ধ করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ তৈরি, দক্ষতা উন্নয়ন এবং আগামী জানুয়ারিতে ঢাকায় ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর সঙ্গে কার্যনির্বাহী ব্যবস্থা নিয়ে আলোচনা শুরুর কথা জানান রাষ্ট্রদূত।
ইইউকে বাংলাদেশের এক নম্বর বাণিজ্যিক অংশীদার ও বৃহত্তম রফতানি গন্তব্য উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের মোট রফতানির প্রায় অর্ধেকই যায় ইইউ বাজারে। ২০২৫ সালে এর পরিমাণ ছিল ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো। এ ছাড়া ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) সুবিধার ২৫ বছর পূর্তিও সম্প্রতি উদযাপিত হয়েছে।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা বৃদ্ধির পক্ষে ইইউ ভোট দিয়েছে ও সমর্থন জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলডিসি উত্তরণ যেন মসৃণ ও পূর্বানুমেয় হয়, সে জন্য সময় বাড়ানো হয়েছে। তবে এ সুযোগের সঙ্গে বাস্তবমুখী ও পরিমাপযোগ্য অভ্যন্তরীণ সংস্কার, কার্যকর নজরদারি এবং বেসরকারি খাতের জোরালো ভূমিকা থাকা প্রয়োজন।
সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে ইইউ কাজ (স্কোপিং) করছে এবং আগামী মাসেই (ডিসেম্বর) এফটিএ নিয়ে প্রথম সরাসরি আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ চুক্তিতে ভারসাম্যপূর্ণ প্রতিশ্রুতি ও বাজারে প্রবেশাধিকারের পারস্পরিক সমতা নিশ্চিত করতে হবে। সম্পর্কের কেন্দ্রে শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসন অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রথাগত অনুদান-নির্ভর সম্পর্কের পরিবর্তে বাংলাদেশকে সমমর্যাদার ‘অংশীদার’ হিসেবে দেখছে ইইউ। ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় বড় কয়েকটি প্রকল্পের কথা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিমান বহরের আধুনিকায়নে এয়ারবাসের সঙ্গে উদ্যোগ রয়েছে। চট্টগ্রাম বন্দরে ‘লালদিয়া গ্রিন কনটেইনার টার্মিনাল’ স্থাপনে বড় বিনিয়োগ এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি একনেকে অনুমোদিত দেশের প্রথম বিদ্যুৎচালিত রেললাইন প্রকল্পে ইইউ অর্থায়ন করবে বলেও জানান মাইকেল মিলার।
গত দুই বছরে ইইউ বাংলাদেশের শীর্ষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী (এফডিআই) হলেও সম্ভাবনার তুলনায় বিনিয়োগ এখনও কম বলে মনে করেন তিনি। বলেন, বিনিয়োগ বাড়াতে আগামী বছরের ৫ ও ৬ এপ্রিল ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর সঙ্গে যৌথভাবে ঢাকায় প্রথমবারের মতো ‘বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’ আয়োজন করবে ইইউ। তৈরি পোশাক খাতে সার্কুলারিটি, চামড়া শিল্প, কৃষি-ব্যবসা, লজিস্টিকস ও কানেক্টিভিটিতে এতে গুরুত্ব দেওয়া হবে। তবে বিদেশি বিনিয়োগ টানতে নীতিমালার পূর্বানুমেয়তা, স্বচ্ছতা, চুক্তির বাস্তবায়ন এবং বাণিজ্যিক আদালত সক্রিয় করার তাগিদ দেন তিনি।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রেক্ষাপটে ২০১৭ সালে মিয়ানমারে সংঘটিত ভয়াবহ গণহত্যার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে ইইউ বাংলাদেশের পাশে থেকে ৫০ কোটি (হাফ বিলিয়ন) ইউরোরও বেশি মানবিক সহায়তা দিয়েছে। ২০২৬ সালেও এখন পর্যন্ত ৩ কোটি ১৫ লাখ ইউরোর মানবিক সহায়তা এবং কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠী ও শরণার্থীদের জন্য ৫ কোটি ইউরোর উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশল প্রণয়নের অপেক্ষায় থাকার কথাও জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category